Logo

১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট

profile picture
আন্তর্জাতিক ডেস্ক
১৩ অক্টোবর, ২০২৬, ১৩:০০
১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রিয়াদের বিমানবন্দর, বাতিল শত শত ফ্লাইট
ছবি: সংগৃহীত

ইয়েমেনের হুথি বাহিনীর ধারাবাহিক হামলার পর সৌদি আরবের রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরের কার্যক্রম আগামী ১৭ অক্টোবর পর্যন্ত বন্ধ রাখার ঘোষণা দেওয়া হয়েছে। এ সিদ্ধান্তের প্রভাবে দেশটির বিভিন্ন রুটে শত শত ফ্লাইট বাতিল করা হয়েছে। এতে বিপাকে পড়েছেন দেশি-বিদেশি যাত্রীরা।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১৩ অক্টোবর) এয়ার ডেটা নিউজের এক প্রতিবেদনে বলা হয়েছে, বিমানবন্দরে পরিদর্শন ও ক্ষয়ক্ষতি পর্যালোচনার কাজ চলমান থাকায় জেনারেল অথরিটি অব সিভিল এভিয়েশন (জিসিএএ) সাময়িকভাবে কার্যক্রম বন্ধ রাখার সময়সীমা বাড়িয়েছে।

বিমান চলাচলের তথ্য বিশ্লেষণকারী প্রতিষ্ঠান সিরিয়ামের উপাত্ত অনুযায়ী, সোমবার সৌদি আরবে নির্ধারিত ১ হাজার ৪৮টি ফ্লাইটের মধ্যে ৪৮৬টি বাতিল করা হয়েছে। অর্থাৎ, দিনের মোট ফ্লাইটের প্রায় ৪৬ শতাংশ চলাচল করেনি। পরিস্থিতি পর্যালোচনায় দেখা গেছে, রিয়াদ বিমানবন্দরে রোববারের প্রায় সব ফ্লাইট এবং সোমবারের প্রায় ৭৮ শতাংশ ফ্লাইট বাতিল করতে বাধ্য হয়েছে সংশ্লিষ্ট বিমান সংস্থাগুলো।

একের পর এক ফ্লাইট স্থগিতের ঘোষণা

বিজ্ঞাপন

উদ্ভূত পরিস্থিতিতে বিভিন্ন আন্তর্জাতিক বিমান সংস্থা সৌদি আরবগামী ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা বাড়িয়েছে। লুফথানসা গ্রুপ আগামী ১৬ অক্টোবর পর্যন্ত এবং এয়ার ফ্রান্স-কেএলএম চলতি মাসের শেষ পর্যন্ত রিয়াদগামী ফ্লাইট বন্ধ রেখেছে।

আরও পড়ুন

বিজ্ঞাপন

এ ছাড়া ফিলিপাইন এয়ারলাইন্স আগামী ২৯ নভেম্বর পর্যন্ত, ইন্ডিগো ও এয়ার ইন্ডিয়া এক্সপ্রেস ১৫ অক্টোবর পর্যন্ত এবং ফ্লাইদুবাই ১৪ অক্টোবর পর্যন্ত রিয়াদ ও দাম্মামে তাদের কার্যক্রম স্থগিত করেছে।

অন্যদিকে, যুক্তরাষ্ট্রের ডেল্টা এয়ারলাইন্স আটলান্টা থেকে রিয়াদগামী রুট চালুর পরিকল্পনা পিছিয়ে দিয়েছে। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, ২০২৭ সালের মার্চের আগে এই রুট চালু হচ্ছে না।

বিজ্ঞাপন

হামলায় প্রাণহানি, ক্ষতিগ্রস্ত উড়োজাহাজ

প্রতিবেদন অনুযায়ী, গত ১০ অক্টোবর কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দরে হামলার ঘটনায় ১৩ জন নিহত এবং ৩০০ জনের বেশি আহত হন। পরদিন বিমানবন্দরের টার্মিনাল-৪-এ আরেকটি প্রক্ষেপক আঘাত হানে। এতে পাকিস্তানের একজন নাগরিক নিহত হন এবং আহত হন আরও ১১ জন।

এ ছাড়া সৌদিয়া এয়ারলাইন্সের একটি এয়ারবাস এ৩২০ উড়োজাহাজ ক্ষতিগ্রস্ত হওয়ার পর দেশটির বেসামরিক বিমান চলাচলের নিরাপত্তা নিয়ে উদ্বেগ আরও বেড়েছে। বিমানবন্দরের ক্ষয়ক্ষতি পর্যালোচনা ও নিরাপত্তা পরিস্থিতি মূল্যায়নের মধ্যেই ফ্লাইট স্থগিত রাখার সময়সীমা বাড়ানো হয়েছে।

বিজ্ঞাপন

বিকল্প পথে সৌদি আরব ছাড়ার পরামর্শ

বিমান চলাচল বন্ধ থাকায় আটকে পড়া যাত্রীদের জন্য বিকল্প ব্যবস্থা নিয়ে উদ্বেগ দেখা দিয়েছে। এমন পরিস্থিতিতে যুক্তরাজ্যের পররাষ্ট্র দপ্তর তাদের নাগরিকদের সৌদি আরব ছাড়তে বাহরাইন, কুয়েত, কাতার, সংযুক্ত আরব আমিরাত অথবা জর্ডান হয়ে সড়কপথ ব্যবহারের পরামর্শ দিয়েছে।

একই সঙ্গে যুক্তরাষ্ট্রের ফেডারেল এভিয়েশন অ্যাডমিনিস্ট্রেশন (এফএএ) এবং ইউরোপীয় ইউনিয়ন এভিয়েশন সেফটি এজেন্সি (ইএএসএ) বেসামরিক বিমান চলাচলের ঝুঁকি নিয়ে সতর্কবার্তা জারি করেছে।

বিজ্ঞাপন

সামগ্রিক পরিস্থিতিতে সৌদি আরবের আকাশপথে যোগাযোগব্যবস্থা বড় ধরনের বিঘ্নের মুখে পড়েছে। ফ্লাইট বাতিল ও স্থগিতের সময়সীমা বাড়তে থাকায় যাত্রীদের ভ্রমণ পরিকল্পনাতেও অনিশ্চয়তা তৈরি হয়েছে।

সূত্র: এয়ার ডেটা নিউজ

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD