রিয়াদে টানা তৃতীয় দিন ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র হামলা করল হুথিরা

সৌদি আরবের রাজধানী রিয়াদকে লক্ষ্য করে টানা তৃতীয় দিনের মতো ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করেছে ইয়েমেনের হুথি গোষ্ঠী। সোমবার সন্ধ্যার পর রিয়াদ ও দেশটির দক্ষিণ-পশ্চিমাঞ্চলীয় শহর খামিস মুশাইতকে লক্ষ্য করে তিনটি ক্ষেপণাস্ত্র ছোড়া হয় বলে জানিয়েছে সৌদি নেতৃত্বাধীন সামরিক জোট। তবে আকাশ প্রতিরক্ষাব্যবস্থার মাধ্যমে সবগুলো ক্ষেপণাস্ত্র ধ্বংস করা হয়েছে বলে দাবি করেছে রিয়াদ।
বিজ্ঞাপন
সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের মুখপাত্র মেজর জেনারেল তুর্কি আল-মালিকি সামাজিক যোগাযোগমাধ্যম এক্সে দেওয়া এক পোস্টে জানান, সোমবার রিয়াদ লক্ষ্য করে একটি এবং খামিস মুশাইত লক্ষ্য করে দুটি ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র নিক্ষেপ করা হয়েছিল। সৌদি প্রতিরক্ষাব্যবস্থা সেগুলো লক্ষ্যবস্তুতে আঘাত হানার আগেই ধ্বংস করে।
তবে রিয়াদের বাসিন্দারা জানিয়েছেন, সোমবার রাজধানীর বিভিন্ন এলাকায় তাঁরা একাধিক বিস্ফোরণের শব্দ শুনেছেন।
এদিকে, হুথি বাহিনীর মুখপাত্র ব্রিগেডিয়ার জেনারেল ইয়াহিয়া কাসিম সারী সোমবার রাতে এক্সে দেওয়া পোস্টে রিয়াদ ও খামিস মুশাইতে হামলার দায় স্বীকার করেন। তাঁর দাবি, রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ছোড়া হয়েছিল। পাশাপাশি খামিস মুশাইতের কাছে সৌদি সেনাবাহিনীর একটি বিমানঘাঁটি লক্ষ্য করে ক্ষেপণাস্ত্র ও ড্রোন নিক্ষেপ করা হয়।
বিজ্ঞাপন
আরও পড়ুন
বিজ্ঞাপন
সৌদি আরবের আকাশসীমা নিয়েও সতর্কবার্তা দিয়েছেন হুথি মুখপাত্র। তাঁর দাবি, মক্কা ও মদিনা ছাড়া দেশটির অন্য কোনো অঞ্চলের আকাশসীমা নিরাপদ নয়। এ পরিস্থিতিতে সৌদি আরবে ভ্রমণের পরিকল্পনা করার সময় আন্তর্জাতিক বিমান সংস্থা ও যাত্রীদের সতর্ক থাকার আহ্বান জানান তিনি।
এর আগে গত শনি ও রোববারও রিয়াদের কিং খালিদ আন্তর্জাতিক বিমানবন্দর লক্ষ্য করে হামলা চালানোর খবর পাওয়া যায়। প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে, শনিবারের হামলায় ১৩ জন এবং রোববারের হামলায় একজন নিহত হন। দুই দিনে আহত হন তিন শতাধিক মানুষ। তবে এসব হতাহতের তথ্য স্বাধীনভাবে যাচাই করা যায়নি।
সোমবারের ক্ষেপণাস্ত্র নিক্ষেপের মধ্য দিয়ে রিয়াদকে লক্ষ্য করে টানা তিন দিন হামলার ঘটনা ঘটল। ইরানের সমর্থনপুষ্ট হুথি গোষ্ঠী ও সৌদি আরবের মধ্যে ক্রমবর্ধমান এই সংঘাত আঞ্চলিক নিরাপত্তা এবং আন্তর্জাতিক বিমান চলাচল নিয়ে উদ্বেগ বাড়াচ্ছে।
বিজ্ঞাপন
সূত্র: আলজাজিরা








