‘যেমন কুকুর তেমন মুগুর’, সৌদি আরবকে কঠোর হামলার হুঁশিয়ারি হুথিদের

সৌদি আরব ও দেশটির নেতৃত্বাধীন সামরিক জোটের বিমান হামলার জবাবে পাল্টা আক্রমণের হুঁশিয়ারি দিয়েছে ইয়েমেনের হুথি সশস্ত্র গোষ্ঠী। ‘যেমন কুকুর তেমন মুগুর’ নীতিতে শত্রুপক্ষের হামলার জবাব দেওয়ার ঘোষণা দিয়েছে গোষ্ঠীটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১৫ অক্টোবর) ইয়েমেনের রাজধানী সানা থেকে আলজাজিরার এক প্রতিবেদনে এ তথ্য জানানো হয়েছে।
প্রতিবেদন অনুযায়ী, বুধবার সানার আকাশে যুদ্ধবিমানের উপস্থিতি দেখা যায় এবং একাধিক বিকট বিস্ফোরণের শব্দ শোনা যায়। এসব ঘটনা সৌদি নেতৃত্বাধীন সামরিক জোটের নতুন বিমান হামলার ইঙ্গিত দেয়।
আরও পড়ুন
বিজ্ঞাপন
আনসার আল্লাহ নামে পরিচিত হুথি গোষ্ঠী এক আনুষ্ঠানিক বিবৃতিতে জানিয়েছে, সৌদি হামলার জবাব হামলার মাধ্যমেই দেওয়া হবে। তাদের ঘোষিত নীতি হলো—বিমান হামলার জবাবে বিমান হামলা, রাজধানী লক্ষ্য করে হামলার জবাবে রাজধানীতে হামলা, বিমানবন্দরে হামলার জবাবে বিমানবন্দরে এবং জ্বালানি স্থাপনায় হামলার জবাবে একই ধরনের স্থাপনায় আঘাত হানা।
বিজ্ঞাপন
প্রতিবেদনে বলা হয়েছে, দীর্ঘদিনের ক্ষয়ক্ষতির কারণে সানা আন্তর্জাতিক বিমানবন্দর আগে থেকেই বন্ধ রয়েছে। সেখানে ইয়েমেনের কোনো বিমানও না থাকায় সংঘাতের ক্ষেত্রে সৌদি আরবের গুরুত্বপূর্ণ স্থাপনাগুলো পাল্টা হামলার ঝুঁকিতে পড়তে পারে বলে ধারণা করা হচ্ছে।
এদিকে, হুথিদের ব্যালিস্টিক ক্ষেপণাস্ত্র, ক্রুজ ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা চালানোর সক্ষমতা রয়েছে বলে প্রতিবেদনে উল্লেখ করা হয়েছে। ফলে দুই পক্ষের মধ্যে পাল্টাপাল্টি হামলা অব্যাহত থাকলে আঞ্চলিক নিরাপত্তা পরিস্থিতি আরও জটিল হয়ে উঠতে পারে।
সূত্র: আলজাজিরা








