যে কারণে সম্পর্ক একতরফা মনে হতে শুরু করে

কোনো সম্পর্কের শুরুতে দুজনের মধ্যে কথোপকথন, খোঁজখবর নেওয়া এবং একে অপরকে জানার আগ্রহ বেশ স্বতঃস্ফূর্তভাবেই তৈরি হয়। দিনের ছোটখাটো ঘটনা ভাগ করে নেওয়া, বিশেষ মুহূর্ত মনে রাখা কিংবা একসঙ্গে সময় কাটানোর পরিকল্পনা—সবকিছুতেই থাকে আন্তরিকতা। তখন মনে হয়, পরিচয়টি হয়তো ধীরে ধীরে গভীর কোনো সম্পর্কে রূপ নিতে যাচ্ছে।
বিজ্ঞাপন
কিন্তু সময়ের সঙ্গে সেই চিত্র বদলে যেতে পারে। একসময় দেখা যায়, আপনাকেই বারবার কথোপকথন শুরু করতে হচ্ছে, দেখা করার পরিকল্পনা করতে হচ্ছে কিংবা সম্পর্কটি টিকিয়ে রাখার চেষ্টা চালাতে হচ্ছে। অন্য ব্যক্তির আগ্রহ আগের মতো আছে কি না, তা নিয়েও মনে প্রশ্ন তৈরি হয়।
পারস্পরিক আগ্রহের সম্পর্ক যখন একজনের একার প্রচেষ্টা বলে মনে হতে শুরু করে, তখন বিভ্রান্তি তৈরি হওয়া স্বাভাবিক। এমন পরিবর্তনের পেছনে থাকতে পারে পাঁচটি কারণ।
১. প্রাথমিক উত্তেজনা কমে আসা
বিজ্ঞাপন
নতুন কোনো সম্পর্কের শুরুতে দুজনের মধ্যেই একে অপরকে জানার আগ্রহ থাকে। নিয়মিত যোগাযোগ, একসঙ্গে সময় কাটানো এবং নতুন অভিজ্ঞতা ভাগ করে নেওয়ার মধ্য দিয়ে সম্পর্ক এগিয়ে যায়।
তবে সময়ের সঙ্গে শুরুর সেই উত্তেজনা কমে আসতে পারে। যোগাযোগের পরিমাণও কিছুটা কমে যাওয়া অস্বাভাবিক নয়। কিন্তু সম্পর্কের স্বাভাবিক ছন্দ বদলে যাওয়া আর আগ্রহ হারিয়ে ফেলা এক বিষয় নয়।
যদি একজন ব্যক্তি ধারাবাহিকভাবে যোগাযোগের উদ্যোগ এড়িয়ে যান, তাহলে দুজনের প্রত্যাশা একই কি না, তা নিয়ে খোলামেলা আলোচনা করা জরুরি।
বিজ্ঞাপন
২. যোগাযোগ নিয়ে প্রত্যাশার পার্থক্য
সম্পর্কে যোগাযোগের ধরন নিয়ে সবার পছন্দ এক রকম হয় না। কেউ প্রতিদিন ছোটখাটো মেসেজের মাধ্যমে যোগাযোগ রাখতে স্বাচ্ছন্দ্যবোধ করেন। আবার কেউ কয়েক দিন পরপর কথা বলাকেই স্বাভাবিক মনে করেন।
এ ধরনের পার্থক্য অনেক সময় ভুল বোঝাবুঝির সৃষ্টি করে। বিশেষ করে দুজনের কেউই নিজের প্রত্যাশা স্পষ্টভাবে প্রকাশ না করলে দূরত্ব আরও বাড়তে পারে।
বিজ্ঞাপন
কম মেসেজ পাঠানো মানেই আগ্রহ কমে যাওয়া নয়। বরং সম্পর্কের সামগ্রিক পরিস্থিতি বিবেচনা করা এবং কোন ধরনের যোগাযোগ দুজনের জন্য স্বস্তিদায়ক, তা নিয়ে আলোচনা করা গুরুত্বপূর্ণ।
৩. সম্পর্ক এগিয়ে নেওয়ার দায়িত্ব একজনের ওপর পড়া
একটি সম্পর্ক এগিয়ে নিতে কখনো কাউকে যোগাযোগ শুরু করতে হয়, কখনো দেখা করার পরিকল্পনা করতে হয়, আবার কখনো দূরত্ব তৈরি হলে তা কমানোর উদ্যোগ নিতে হয়। মাঝে মাঝে একজন বেশি উদ্যোগী হলে সমস্যা নেই। কিন্তু সব সময় একই ব্যক্তিকে এসব দায়িত্ব পালন করতে হলে সম্পর্কের ভারসাম্য নষ্ট হতে পারে।
বিজ্ঞাপন
আপনাকেই যদি প্রতিবার কথোপকথন শুরু করতে হয় কিংবা সম্পর্ক ধরে রাখার জন্য নানা অজুহাত খুঁজতে হয়, তাহলে কিছুটা সময় নিয়ে অন্য ব্যক্তির উদ্যোগও লক্ষ্য করা দরকার।
এখানে কাউকে পরীক্ষা করা বা ইচ্ছাকৃতভাবে দূরত্ব তৈরি করা উদ্দেশ্য নয়। বরং দুজনেই সম্পর্কটিতে সমানভাবে অবদান রাখতে আগ্রহী কি না, সেটি বোঝা জরুরি।
৪. আকর্ষণ থাকলেও প্রতিশ্রুতিবদ্ধ সম্পর্কে অনাগ্রহ
বিজ্ঞাপন
কেউ আপনার সঙ্গে কথা বলতে পছন্দ করতে পারেন, আপনার সঙ্গ উপভোগ করতে পারেন কিংবা আপনার প্রতি আকর্ষণ অনুভব করতে পারেন। কিন্তু এর অর্থ এই নয় যে তিনি প্রতিশ্রুতিবদ্ধ কোনো সম্পর্ক গড়তে চান।
কেউ হয়তো বর্তমান সময়ের ভালো লাগা ও সঙ্গ উপভোগ করতে চান, কিন্তু ভবিষ্যৎ নিয়ে কোনো পরিকল্পনায় আগ্রহী নন।
কথাবার্তায় আন্তরিকতা কিংবা মাঝেমধ্যে পাওয়া বিশেষ মনোযোগের কারণে এই পার্থক্য বোঝা কঠিন হতে পারে। তাই শুধু সুন্দর কথার ওপর নির্ভর না করে তার আচরণ, উদ্দেশ্য এবং সম্পর্ক নিয়ে প্রত্যাশার মধ্যে মিল রয়েছে কি না, তা বোঝার চেষ্টা করা উচিত।
বিজ্ঞাপন
৫. ব্যক্তিগত জীবনে পরিবর্তন আসা
কাজের চাপ, পারিবারিক দায়িত্ব, মানসিক ক্লান্তি কিংবা ব্যক্তিগত জীবনের কঠিন পরিস্থিতি একজন মানুষের যোগাযোগের ধরন বদলে দিতে পারে। ফলে আগের মতো সময় দেওয়া বা নিয়মিত কথা বলা তার পক্ষে কঠিন হয়ে উঠতে পারে।
এমন পরিবর্তনের অর্থ সব সময় আগ্রহ হারিয়ে ফেলা কিংবা ইচ্ছাকৃতভাবে দূরে সরে যাওয়া নয়।
বিজ্ঞাপন
এ ক্ষেত্রে গুরুত্বপূর্ণ হলো, তিনি নিজের পরিস্থিতি সম্পর্কে কিছু জানাচ্ছেন কি না এবং সুযোগ পেলে আবার যোগাযোগ স্থাপনের চেষ্টা করছেন কি না। অন্য ব্যক্তির পরিস্থিতি বোঝার পাশাপাশি নিজের চাহিদা ও প্রত্যাশাকেও গুরুত্ব দিতে হবে। কারও পরিস্থিতি বিবেচনা করতে গিয়ে অনির্দিষ্টকাল নিজের প্রয়োজন উপেক্ষা করা উচিত নয়।
সম্পর্কে পারস্পরিক উদ্যোগই গুরুত্বপূর্ণ
একটি সুস্থ সম্পর্ক শুধু ভালো লাগা কিংবা নিয়মিত কথোপকথনের ওপর নির্ভর করে না। এর জন্য দুজনের আগ্রহ, সময় দেওয়া, সম্মান এবং উদ্যোগ প্রয়োজন। সাময়িক ব্যস্ততা বা যোগাযোগের পরিবর্তনকে একতরফা সম্পর্কের চূড়ান্ত প্রমাণ হিসেবে দেখা ঠিক নয়। তবে দীর্ঘদিন ধরে একজনকেই সম্পর্ক এগিয়ে নেওয়ার চেষ্টা করতে হলে বিষয়টি নিয়ে খোলামেলা কথা বলা জরুরি।








