কাউকে ‘না’ বলার পর অপরাধবোধে ভোগেন? কাটিয়ে উঠবেন যেভাবে

অন্যের অনুরোধে নিজের ইচ্ছার বিরুদ্ধে বারবার সম্মতি দেন? হাতে সময় কিংবা প্রয়োজনীয় সামর্থ্য না থাকলেও কাউকে হতাশ করার ভয়ে দায়িত্ব নিতে পিছপা হন না? আবার কোনো অনুরোধ ফিরিয়ে দেওয়ার পর মনে অপরাধবোধ তৈরি হয়? এমন পরিস্থিতির মুখোমুখি হন অনেকেই। তবে সুস্থ জীবনযাপন ও মানসিক প্রশান্তির জন্য প্রয়োজনের সময় ‘না’ বলতে শেখা অত্যন্ত গুরুত্বপূর্ণ।
বিজ্ঞাপন
কর্মক্ষেত্র থেকে শুরু করে পরিবার কিংবা ব্যক্তিগত সম্পর্ক—বিভিন্ন ক্ষেত্রে অন্যকে খুশি রাখার প্রবণতা অনেকের মধ্যে দেখা যায়। অন্যের মন খারাপ হবে, সম্পর্ক নষ্ট হবে কিংবা নিজেকে স্বার্থপর মনে করা হবে—এমন আশঙ্কায় নিজের প্রয়োজনকে আড়াল করেন তারা। কিন্তু দীর্ঘদিন এভাবে চলতে থাকলে বাড়তে পারে মানসিক চাপ। একই সঙ্গে নিজের বিশ্রাম, ব্যক্তিগত সময় ও ভালো থাকার বিষয়গুলোও অবহেলিত হতে পারে।
মনোবিদদের মতে, মানুষ সামাজিক জীব হওয়ায় অন্যের অনুভূতির প্রতি সংবেদনশীল থাকা স্বাভাবিক। তবে প্রত্যেকের অনুরোধে সম্মতি দেওয়া কিংবা নিজের সামর্থ্যের বাইরে দায়িত্ব নেওয়া ইতিবাচক আচরণ নয়। বরং নিজের সীমাবদ্ধতা বুঝে ভদ্রভাবে প্রত্যাখ্যান করতে পারা ব্যক্তিত্ব ও মানসিক সুস্থতার গুরুত্বপূর্ণ অংশ।
কেন কাউকে ‘না’ বলতে ভয় পান?
বিজ্ঞাপন
কোনো অনুরোধ প্রত্যাখ্যান করতে না পারার পেছনে কয়েকটি মানসিক কারণ কাজ করতে পারে। এর মধ্যে উল্লেখযোগ্য—
১. সম্পর্ক নষ্ট হওয়ার আশঙ্কা
অনেকেই মনে করেন, কাউকে সরাসরি ‘না’ বললে তিনি কষ্ট পেতে পারেন। এমনকি সম্পর্কের দূরত্বও তৈরি হতে পারে। এই আশঙ্কা থেকে নিজের ইচ্ছা না থাকলেও অনেকে অন্যের প্রস্তাবে সম্মতি দেন। কেউ কেউ আবার প্রত্যাখ্যান করলে অন্যের চোখে স্বার্থপর হয়ে যাওয়ার ভয় পান।
বিজ্ঞাপন
২. সব সময় ভালো মানুষ হিসেবে পরিচিত হওয়ার আকাঙ্ক্ষা
সমাজে অন্যের উপকারে এগিয়ে আসাকে ভালো গুণ হিসেবে দেখা হয়। কিন্তু এই ধারণা থেকে কেউ কেউ মনে করেন, ভালো মানুষ হতে হলে সব অনুরোধেই সাড়া দিতে হবে। ফলে নিজের সময়, সামর্থ্য ও প্রয়োজন উপেক্ষা করে অন্যের দায়িত্ব নিজের কাঁধে তুলে নেন।
৩. অন্যের অসন্তুষ্টিকে নিজের ভুল মনে করা
বিজ্ঞাপন
আপনার কোনো সিদ্ধান্তে অন্য কেউ হতাশ হয়েছেন, তাই বলে সিদ্ধান্তটি ভুল—এমনটা নয়। কিন্তু অনেকের মধ্যে অন্যের অসন্তুষ্টির দায় নিজের ওপর নেওয়ার প্রবণতা থাকে। এ কারণে কাউকে ‘না’ বলার পরও তারা মানসিক অস্বস্তিতে ভোগেন।
‘না’ বলার পর অপরাধবোধ কাটিয়ে উঠবেন যেভাবে
অন্যের অনুরোধ প্রত্যাখ্যান করার পর নিজেকে দোষারোপ না করে নিজের প্রয়োজন ও সক্ষমতাকে গুরুত্ব দেওয়া জরুরি। এ ক্ষেত্রে কিছু অভ্যাস গড়ে তুলতে পারেন।
বিজ্ঞাপন
১. সিদ্ধান্ত জানানোর আগে সময় নিন
কেউ কোনো কাজের দায়িত্ব দিলে তৎক্ষণাৎ সম্মতি দেবেন না। কাজটি করার মতো সময়, সামর্থ্য ও আগ্রহ আপনার রয়েছে কি না, তা বিবেচনা করুন। প্রয়োজন হলে বলতে পারেন, বিষয়টি ভেবে আপনাকে পরে জানাব। এতে আবেগের বশে এমন দায়িত্ব নেওয়ার ঝুঁকি কমবে, যা পরে পালন করা কঠিন হয়ে পড়ে।
২. নম্রভাবে নিজের অপারগতা প্রকাশ করুন
বিজ্ঞাপন
কাউকে প্রত্যাখ্যান করার অর্থ তার সঙ্গে খারাপ আচরণ করা নয়। বিনয়ের সঙ্গে নিজের অবস্থান জানানোই যথেষ্ট। যেমন, ‘আমি দুঃখিত, এই মুহূর্তে কাজটি আমার পক্ষে করা সম্ভব নয়।’ নিজের সিদ্ধান্ত বোঝাতে অপ্রয়োজনীয় দীর্ঘ ব্যাখ্যা দেওয়ার দরকার নেই।
৩. নিজের অনুভূতি যাচাই করুন
কাউকে ‘না’ বলার পর অপরাধবোধ তৈরি হলে নিজেকে কয়েকটি প্রশ্ন করুন। আপনি কি সত্যিই কোনো অন্যায় করেছেন, নাকি অন্য ব্যক্তি হতাশ হতে পারেন—এই চিন্তা থেকেই আপনার খারাপ লাগছে? নিজের সিদ্ধান্তের বাস্তব কারণগুলো বিবেচনা করলে অযথা আত্মদোষারোপ কমাতে সহায়তা হতে পারে।
বিজ্ঞাপন
৪. সবাই আপনার সিদ্ধান্ত মেনে নেবেন না, তা মেনে নিন
জীবনের প্রতিটি সিদ্ধান্তে সবাই সন্তুষ্ট থাকবেন, এমন প্রত্যাশা বাস্তবসম্মত নয়। আপনার কোনো সিদ্ধান্তে কেউ অসন্তুষ্ট হতে পারেন। কিন্তু অন্যের অসন্তুষ্টি মানেই আপনার সিদ্ধান্ত ভুল, এমন নয়। নিজের অবস্থান যুক্তিসংগত হলে অযথা অপরাধবোধে ভোগার প্রয়োজন নেই।
৫. ব্যক্তিগত সীমারেখা তৈরি করুন
বিজ্ঞাপন
কোন কাজ করতে পারবেন আর কোনটি আপনার পক্ষে সম্ভব নয়, সে বিষয়ে নিজের কাছে পরিষ্কার ধারণা রাখুন। নিজের পছন্দ-অপছন্দ ও সীমাবদ্ধতা অন্যদের জানাতে শিখুন। সামর্থ্যের বাইরে অতিরিক্ত দায়িত্ব নেওয়া থেকে বিরত থাকুন। এতে অন্যের সঙ্গে সম্পর্ক বজায় রেখেও নিজের সময় ও মানসিক শান্তি রক্ষা করা সহজ হবে।
সব পরিস্থিতিতে ‘না’ বলা কি সম্ভব?
বাস্তবে সব পরিস্থিতিতে সরাসরি ‘না’ বলা সহজ নয়। বিশেষ করে পরিবারের ঘনিষ্ঠ সদস্য, বন্ধু কিংবা কর্মক্ষেত্রের ঊর্ধ্বতন কর্মকর্তার কোনো অনুরোধ ফিরিয়ে দিতে অনেকেই দ্বিধায় পড়েন। তবে পরিস্থিতি বিবেচনা করে নিজের সামর্থ্য ও সীমাবদ্ধতার কথা স্পষ্টভাবে জানানো জরুরি।
বিজ্ঞাপন
মনে রাখতে হবে, সবাইকে খুশি রাখার দায়িত্ব একা আপনার নয়। অন্যের প্রত্যাশা পূরণ করতে গিয়ে নিজের মানসিক শান্তি বিসর্জন দেওয়াও সমাধান হতে পারে না। নিজের প্রয়োজনকে গুরুত্ব দেওয়া স্বার্থপরতা নয়; বরং সুস্থ ব্যক্তিগত সম্পর্ক ও আত্মসম্মান বজায় রাখার একটি গুরুত্বপূর্ণ উপায়।
তবে কাউকে প্রত্যাখ্যান করার পর অপরাধবোধ যদি দীর্ঘস্থায়ী হয় এবং দৈনন্দিন জীবন, ব্যক্তিগত সম্পর্ক কিংবা মানসিক শান্তিতে গুরুতর প্রভাব ফেলে, তাহলে মনোবিদ বা পেশাদার পরামর্শকের সহায়তা নেওয়া যেতে পারে।







