ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে ধাওয়া-পাল্টা ধাওয়া, শাহবাগে থমথমে পরিস্থিতি

ইনকিলাব মঞ্চের শরিফ ওসমান হাদি হত্যার বিচার দাবিতে আন্দোলনরত নেতাকর্মীদের ওপর হামলার প্রতিবাদে চলমান কর্মসূচিতে আবারও ধাওয়া-পাল্টা ধাওয়ার ঘটনা ঘটেছে। এতে একপর্যায়ে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে যান। পরিস্থিতি নিয়ন্ত্রণে রাখতে শাহবাগ মোড়ে পুলিশ অবস্থান নিয়েছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) রাত ৮টার পর শাহবাগ মোড়ে পুলিশ মোতায়েন করা হয়। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
এর আগে সন্ধ্যা সাড়ে সাতটার দিকে শাহবাগ থেকে আন্দোলনকারীদের একটি অংশ হোটেল ইন্টারকন্টিনেন্টালের দিকে অগ্রসর হওয়ার চেষ্টা করলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় পুলিশ লাঠিচার্জ ও সাউন্ড গ্রেনেড নিক্ষেপ করে। এতে আন্দোলনকারীরা ছত্রভঙ্গ হয়ে পড়ে।
বিজ্ঞাপন

এদিন দুপুরের পর শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত ও হত্যার ঘটনায় জড়িতদের বিচারের দাবিতে প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
হোটেল ইন্টারকন্টিনেন্টাল মোড়ে অবস্থান নিয়ে যমুনা অভিমুখে যাত্রার ঘোষণা দেন ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা। পরে বিকেল ৩টা ৫০ মিনিটের দিকে ইন্টারকন্টিনেন্টাল মোড় থেকে যমুনা অভিমুখে রওনা করেন নেতাকর্মীরা।
বিজ্ঞাপন
আন্দোলনকারীরা ব্যারিকেড ভেঙে সামনে এগোতে চাইলে পুলিশ তাদের বাধা দেয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে। ছত্রভঙ্গ হয়ে তারা বাংলামোটর মোড়ে অবস্থানের চেষ্টা করলে সেখানেও পুলিশের সঙ্গে ধাওয়া-পাল্টা ধাওয়া ও ইটপাটকেল নিক্ষেপের ঘটনা ঘটে।

ঘটনার পর থেকে শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে।








