দেশে পৌঁছেছে প্রবাসীদের পাঠানো চার লাখের বেশি পোস্টাল ব্যালট

আসন্ন ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটকে সামনে রেখে প্রবাসী বাংলাদেশিদের অংশগ্রহণে বড় অগ্রগতি দেখা যাচ্ছে। বিদেশে অবস্থানরত ভোটারদের মধ্যে যারা ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপের মাধ্যমে নিবন্ধন করেছেন, তাদের পাঠানো চার লাখ ১ হাজার ৪৬০টি পোস্টাল ব্যালট ইতোমধ্যে বাংলাদেশে এসে পৌঁছেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) প্রবাসী ভোটার নিবন্ধন কার্যক্রম সংশ্লিষ্ট ওসিভি-এসডিআই প্রকল্পের টিম লিডার সালীম আহমাদ খান এ তথ্য নিশ্চিত করেন।
আরও পড়ুন: নির্বাচন ১২ তারিখেই হবে: ইনকিলাব মঞ্চ
তিনি জানান, শুক্রবার সকাল সাড়ে ৯টা পর্যন্ত অ্যাপের মাধ্যমে নিবন্ধিত প্রবাসী ভোটারদের কাছে মোট ৭ লাখ ৬৬ হাজার ৮৬২টি পোস্টাল ব্যালট পাঠানো হয়েছে। এর মধ্যে ৫ লাখ ২৬ হাজার ৪৯৮ জন ভোটার ব্যালট গ্রহণ করেছেন এবং ৪ লাখ ৮২ হাজার ৮১৭ জন ভোট প্রদান সম্পন্ন করেছেন।
বিজ্ঞাপন
এছাড়া, ভোট প্রদান শেষে ৪ লাখ ৪৯ হাজার ৬ জন প্রবাসী ভোটার নিজ নিজ দেশের পোস্ট অফিস বা ডাক বিভাগের মাধ্যমে তাদের ব্যালট পাঠিয়েছেন। এরই মধ্যে রিটার্নিং কর্মকর্তাদের কাছে পৌঁছেছে ১ লাখ ২৪ হাজার ৭৪৬টি ব্যালট।
শুধু প্রবাসী নয়, দেশের অভ্যন্তরে অবস্থানরত আইসিপিভি ভোটারদের জন্যও পোস্টাল ব্যালট পাঠানো শুরু করেছে নির্বাচন কমিশন। এ পর্যন্ত দেশের ভেতরে নিবন্ধিত ৬ লাখ ৯৪ হাজার ১৪৬ জন ভোটারের ঠিকানায় ব্যালট পাঠানো হয়েছে।
বিজ্ঞাপন
এই ভোটারদের মধ্যে ২ লাখ ৫৯ হাজার ৩৯৪ জন ইতোমধ্যে ভোট দিয়েছেন এবং ২ লাখ ১৩ হাজার ৬৯৭ জন তাদের ব্যালট পোস্ট অফিস বা ডাক বাক্সে জমা দিয়েছেন। রিটার্নিং কর্মকর্তারা এখন পর্যন্ত দেশের ভেতর থেকে ৩০ হাজার ৭০৬টি ব্যালট গ্রহণ করেছেন।
সালীম আহমাদ খান আরও জানান, এবারের ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটে পোস্টাল ব্যালটের মাধ্যমে ভোট দিতে দেশে ও বিদেশে মিলিয়ে মোট ১৫ লাখ ৩৩ হাজার ৬৮৪ জন ভোটার ‘পোস্টাল ভোট বিডি’ অ্যাপে নিবন্ধন সম্পন্ন করেছেন।
সূত্র: বাসস








