ইনকিলাব মঞ্চের কর্মসূচিতে দফায় দফায় সংঘর্ষ, আহত ৯৬

ইনকিলাব মঞ্চের শহীদ মুখপাত্র শরিফ ওসমান হাদি হত্যার তদন্ত এবং হত্যাকাণ্ডে জড়িতদের বিচারের দাবিতে আন্দোলনকারীদের সঙ্গে দফায় দফায় পুলিশের সংঘর্ষের ঘটনা ঘটেছে। এসব ঘটনায় অন্তত ৯৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
শুক্রবার (৬ ফেব্রুয়ারি) দুপুরের পর ইনকিলাব মঞ্চের নেতাকর্মীরা প্রধান উপদেষ্টার বাসভবন যমুনা অভিমুখে যাত্রা শুরু করলে প্রথম দফায় পুলিশের সঙ্গে সংঘর্ষ হয়। এ সময় আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে পুলিশ জলকামান ও টিয়ার গ্যাস নিক্ষেপ করে।
পরে পুলিশের হামলার প্রতিবাদে বিকেলে আন্দোলনকারীরা শাহবাগ মোড়ে অবস্থান নিলে দ্বিতীয় দফায় সংঘর্ষের সৃষ্টি হয়। সেখানে পুলিশ আন্দোলনকারীদের ছত্রভঙ্গ করতে সাউন্ড গ্রেনেড নিক্ষেপ ও লাঠিচার্জ করে। এতে পরিস্থিতি আরও উত্তপ্ত হয়ে ওঠে। সংঘর্ষের পৃথক ঘটনায় মোট ৯৬ জন আহত হওয়ার খবর পাওয়া গেছে।
বিজ্ঞাপন
ঢাকা মেডিকেল কলেজ (ঢামেক) হাসপাতাল সূত্রে জানা গেছে, সংঘর্ষে আহত ৯৬ জনকে হাসপাতালে নেওয়া হয়। তাদের মধ্যে মো. মোশারফ হোসেন (৩২) নামের একজনকে ভর্তি করা হয়েছে। বাকি আহতরা প্রাথমিক চিকিৎসা নিয়ে হাসপাতাল ত্যাগ করেছেন।
ঘটনার পর শাহবাগ, ইন্টারকন্টিনেন্টাল মোড় ও আশপাশের এলাকায় অতিরিক্ত পুলিশ মোতায়েন করা হয়েছে। পুরো এলাকায় থমথমে পরিস্থিতি বিরাজ করছে।
বিজ্ঞাপন








