Logo

বাংলাদেশিদের যুক্তরাজ্য ভিসায় আসছে বড় পরিবর্তন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ ফেব্রুয়ারি, ২০২৬, ১৩:৫৬
বাংলাদেশিদের যুক্তরাজ্য ভিসায় আসছে বড় পরিবর্তন
ছবি: সংগৃহীত

যুক্তরাজ্যে ভ্রমণ করতে ইচ্ছুক বাংলাদেশিদের জন্য ভিসা প্রক্রিয়ায় গুরুত্বপূর্ণ পরিবর্তনের ঘোষণা দিয়েছে ঢাকায় অবস্থিত ব্রিটিশ হাইকমিশন। নতুন সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ ফেব্রুয়ারি থেকে যুক্তরাজ্যের ভিসা কার্যক্রম সম্পূর্ণ নতুন ব্যবস্থায় পরিচালিত হবে।

বিজ্ঞাপন

শনিবার (৭ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বার্তায় ব্রিটিশ হাইকমিশন জানায়, যুক্তরাজ্যের অভিবাসন ব্যবস্থা ধাপে ধাপে ডিজিটাল পদ্ধতিতে রূপান্তর করা হচ্ছে। এর অংশ হিসেবে ২৫ ফেব্রুয়ারি ২০২৬ থেকে যেসব বিদেশি নাগরিকের যুক্তরাজ্যে প্রবেশের জন্য ভিসা প্রয়োজন হবে, তারা আর পাসপোর্টে ভিসা স্টিকার পাবেন না।

নতুন ব্যবস্থায় ভিসা অনুমোদন পাওয়া যাত্রীরা শুধুমাত্র ই-ভিসা বা ডিজিটাল ভিসা গ্রহণ করবেন। অর্থাৎ ভিসা সংক্রান্ত সব তথ্য অনলাইনে সংরক্ষিত থাকবে এবং ভ্রমণের সময় ইলেকট্রনিক পদ্ধতিতেই যাচাই করা হবে।

বিজ্ঞাপন

ব্রিটিশ হাইকমিশনের পক্ষ থেকে আরও জানানো হয়েছে, এই ডিজিটাল ভিসা ব্যবস্থা ভ্রমণকারীদের জন্য আরও সহজ, দ্রুত ও নিরাপদ হবে। একই সঙ্গে কাগজপত্র ও ভিসা স্টিকার সংক্রান্ত ঝামেলাও কমবে বলে আশা করা হচ্ছে।

ই-ভিসা সংক্রান্ত বিস্তারিত নির্দেশনা, আবেদন পদ্ধতি এবং প্রয়োজনীয় তথ্য জানতে যুক্তরাজ্য সরকারের নির্ধারিত ওয়েবসাইট ভিজিট করার আহ্বান জানিয়েছে হাইকমিশন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD