Logo

ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ ফেব্রুয়ারি, ২০২৬, ১৪:৫৪
ভারতের সঙ্গে সুসম্পর্ককে ‘অগ্রাধিকার’ দেবে জামায়াত
ছবি: সংগৃহীত

জামায়াতে ইসলামীর আমির শফিকুর রহমান বলেছেন, ভারতের সঙ্গে সুসম্পর্ক বজায় রাখা তাদের কাছে অগ্রাধিকার পাবে। একই সঙ্গে তিনি দাবি করেন, বাংলাদেশে সব নাগরিক সমান মর্যাদার অধিকারী এবং এখানে সংখ্যালঘু-সংখ্যাগরিষ্ঠ বিভাজনের ধারণা তারা মানেন না।

বিজ্ঞাপন

ভারতীয় সংবাদমাধ্যম এনডিটিভিকে দেওয়া এক সাক্ষাৎকারে তিনি এসব কথা বলেন।

ভারতের সঙ্গে সম্পর্ক নিয়ে দলের অবস্থান জানতে চাইলে শফিকুর রহমান বলেন, ভারত বাংলাদেশের নিকটতম প্রতিবেশী। তাই পারস্পরিক সুসম্পর্ক বজায় রাখা গুরুত্বপূর্ণ এবং এটিকে তারা অগ্রাধিকার হিসেবে দেখেন।

বিজ্ঞাপন

সংখ্যালঘুদের ওপর নির্যাতনের অভিযোগ প্রসঙ্গে তিনি বলেন, এ দেশের সব মানুষই প্রথম শ্রেণির নাগরিক। কেবল ধর্মীয় পরিচয়ের ভিত্তিতে কাউকে আলাদা করে দেখার নীতি জামায়াত সমর্থন করে না।

ভারত সফর প্রসঙ্গে তিনি জানান, সেখানে যাওয়ার বিষয়ে তার কোনো দ্বিধা নেই। নির্বাচন শেষ হওয়ার পর এ বিষয়ে সিদ্ধান্ত নেবেন।

এদিকে, বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) সকাল সাড়ে ৭টা থেকে জাতীয় সংসদ নির্বাচন ও গণভোটের ভোটগ্রহণ শুরু হয়েছে। ভোর থেকেই বিভিন্ন কেন্দ্রে ভোটারদের উপস্থিতি লক্ষ্য করা যায়। বিকেল সাড়ে ৪টা পর্যন্ত দেশের ২৯৯টি সংসদীয় আসনে ভোটগ্রহণ চলবে।

বিজ্ঞাপন

সারাদেশে ৪২ হাজার ৭৭৯টি কেন্দ্রে ভোটগ্রহণ অনুষ্ঠিত হচ্ছে। এসব কেন্দ্রে মোট ভোটকক্ষ রয়েছে ২ লাখ ৪৭ হাজার ৪৮২টি। এবারের নির্বাচনে অংশ নিয়েছে ৫০টি রাজনৈতিক দল।

মোট ২ হাজার ২৮ জন প্রার্থী প্রতিদ্বন্দ্বিতা করছেন। এর মধ্যে দলীয় প্রার্থী ১ হাজার ৭৫৫ জন এবং স্বতন্ত্র প্রার্থী ২৭৩ জন। নারী প্রার্থীর সংখ্যা ৮৩ জন—দলীয় ৬৩ জন ও স্বতন্ত্র ২০ জন।

বিজ্ঞাপন

জাতীয় সংসদের ২৯৯টি আসনে ভোটাধিকার প্রয়োগ করবেন ১২ কোটি ৭৭ লাখ ১১ হাজার ৮৯৩ জন ভোটার। তাদের মধ্যে পুরুষ ৬ কোটি ৪৮ লাখ ২৫ হাজার ৩৬১ জন, নারী ৬ কোটি ২৮ লাখ ৮৫ হাজার ২০০ জন এবং তৃতীয় লিঙ্গের ভোটার ১ হাজার ২৩২ জন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD