ভোট সুষ্ঠু হওয়ায় শুক্রবার সব মসজিদে বিশেষ দোয়ার অনুরোধ ইসির

গণভোট ও ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন অবাধ, সুষ্ঠু ও উৎসবমুখর পরিবেশে সম্পন্ন হওয়ায় সংশ্লিষ্ট সবার প্রতি ধন্যবাদ ও কৃতজ্ঞতা জানিয়েছে নির্বাচন কমিশন (ইসি)। পাশাপাশি নির্বাচন শান্তিপূর্ণভাবে শেষ হওয়ায় আগামী শুক্রবার জুমার নামাজের পর দেশের সব মসজিদে বিশেষ দোয়ার আয়োজনের অনুরোধ জানিয়েছে সংস্থাটি।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (১২ ফেব্রুয়ারি) প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ অনুরোধ জানানো হয়। একই সঙ্গে অন্যান্য উপাসনালয়েও সুবিধাজনক সময়ে বিশেষ প্রার্থনার আয়োজন করতে সংশ্লিষ্টদের প্রতি আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞপ্তিতে বলা হয়, নির্বাচন অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষভাবে সম্পন্ন করতে সহযোগিতা করায় রাজনৈতিক দল, প্রার্থী, আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী, নির্বাচনে দায়িত্ব পালনকারী সরকারি-বেসরকারি কর্মকর্তা-কর্মচারী, পর্যবেক্ষক, গণমাধ্যমকর্মী, ভোটারসহ দেশবাসীর প্রতি কমিশন কৃতজ্ঞ। দেশের শান্তি, সমৃদ্ধি ও উন্নতি কামনায় শুক্রবার বাদজুমা বিশেষ দোয়া এবং অন্যান্য ধর্মীয় উপাসনালয়ে বিশেষ প্রার্থনার আয়োজনের আহ্বান জানানো হয়েছে।
বিজ্ঞাপন
ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন ও গণভোট ২০২৬-এর ভোটগ্রহণ শেষ হয়েছে। সকাল সাড়ে ৭টায় দেশের ২৯৯টি সংসদীয় আসনে একযোগে ভোট শুরু হয়ে বিকেল সাড়ে ৪টা পর্যন্ত টানা চলে। বিচ্ছিন্ন কিছু ঘটনা ছাড়া সার্বিকভাবে শান্তিপূর্ণ ও উৎসবমুখর পরিবেশে ভোট সম্পন্ন হয়েছে। বর্তমানে ভোট গণনার কাজ চলছে।








