Logo

প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চাইল দুই সিটি কর্পোরেশন

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩ মার্চ, ২০২৬, ১৬:৫০
প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চাইল দুই সিটি কর্পোরেশন
ছবি: সংগৃহীত

রাজধানীকে পরিচ্ছন্ন ও পরিবেশবান্ধব নগরীতে রূপ দিতে ‘ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ কর্মসূচি বাস্তবায়নে প্রধানমন্ত্রীর কাছে আর্থিক সহায়তা চেয়েছে ঢাকার দুই সিটি কর্পোরেশন। মঙ্গলবার (৩ মার্চ) দুপুরে সাংবাদিকদের এ তথ্য জানান সংশ্লিষ্টরা।

বিজ্ঞাপন

নগর ব্যবস্থাপনায় বিদ্যমান সংকট মোকাবিলায় ইতোমধ্যে এক মাসব্যাপী বিশেষ ক্র্যাশ প্রোগ্রাম হাতে নেওয়ার কথাও জানিয়েছেন ঢাকা দক্ষিণ সিটি কর্পোরেশনের প্রশাসক মো. আবদুস সালাম।

একই অনুষ্ঠানে ঢাকা উত্তর সিটি কর্পোরেশনের প্রশাসক শফিকুল ইসলাম মিল্টন বলেন, উন্নয়নমূলক কার্যক্রম পরিচালনার মতো পর্যাপ্ত অর্থ সিটি কর্পোরেশনের কাছে নেই। এ কারণেই ‘ক্লিন অ্যান্ড গ্রিন ঢাকা’ উদ্যোগ বাস্তবায়নে প্রধানমন্ত্রীর বিশেষ বরাদ্দ চাওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তার মতে, রাজধানীর অবকাঠামোগত উন্নয়ন, বর্জ্য ব্যবস্থাপনা, জলাবদ্ধতা নিরসন এবং পরিবেশ সংরক্ষণে সমন্বিত উদ্যোগ নিতে হলে বড় পরিসরের অর্থায়ন প্রয়োজন।

ডিএসসিসি প্রশাসক জানান, নাগরিক ভোগান্তি কমাতে তাৎক্ষণিক কিছু পদক্ষেপ নেওয়া হচ্ছে। এক মাসের ক্র্যাশ প্রোগ্রামের আওতায় সড়ক পরিষ্কার-পরিচ্ছন্নতা, বর্জ্য অপসারণ, খাল-নালা সংস্কার এবং অবৈধ দখল উচ্ছেদ কার্যক্রম জোরদার করা হবে।

বিজ্ঞাপন

ডিএনসিসি প্রশাসক বলেন, জলাবদ্ধতা কমাতে খাল খননের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে। পাশাপাশি সরকারি জমি দখলমুক্ত করতে দখলদারদের নোটিশ দেওয়া হচ্ছে। প্রয়োজন হলে আইনানুগ ব্যবস্থা নিয়ে দখলমুক্ত করা হবে।

সিটি কর্পোরেশন কর্মকর্তারা মনে করছেন, প্রয়োজনীয় অর্থায়ন নিশ্চিত হলে রাজধানীকে আরও বাসযোগ্য ও পরিবেশবান্ধব নগরীতে রূপান্তর করা সম্ভব হবে। তবে এ জন্য কেন্দ্রীয় সহায়তার পাশাপাশি নাগরিকদের সচেতন অংশগ্রহণও জরুরি বলে তারা উল্লেখ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD