Logo

কৃষিমন্ত্রীর হাতে সীডলেস আঙ্গুর ফল তুলে দিলেন জীবননগরের উদ্যোক্তা

profile picture
উপজেলা প্রতিনিধি
জীবননগর, চুয়াডাঙ্গা
৪ মার্চ, ২০২৬, ১২:১৩
কৃষিমন্ত্রীর হাতে সীডলেস আঙ্গুর ফল তুলে দিলেন জীবননগরের উদ্যোক্তা
কৃষি উদ্যোক্তা মো. রুহুল আমিন ও কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ।

চুয়াডাঙ্গার জীবননগরের কৃষি উদ্যোক্তা মো. রুহুল আমিন তাঁর খামারে উৎপাদিত দুই জাতের বীজবিহীন আঙ্গুর কৃষিমন্ত্রী মোহাম্মদ আমিন উর রশীদ-এর হাতে তুলে দিয়েছেন।

বিজ্ঞাপন

মঙ্গলবার (৩ মার্চ) রাজধানীর সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ে সৌজন্য সাক্ষাতে তিনি এ ফল উপহার দেন।

সাক্ষাৎকালে কৃষিমন্ত্রী বলেন, বাংলাদেশে বাণিজ্যিকভাবে আঙ্গুর চাষের যথেষ্ট সম্ভাবনা রয়েছে। বিশেষ করে জলবায়ু উপযোগী উন্নত জাতের ফল উৎপাদনে উদ্যোক্তাদের সাফল্য কৃষি খাতে নতুন দিগন্ত উন্মোচন করছে। তিনি রুহুল আমিনের উদ্যোগের প্রশংসা করে জানান, উচ্চমূল্যের ফল চাষে আগ্রহীদের সরকার কারিগরি ও নীতিগত সহায়তা দিয়ে পাশে থাকবে।

বিজ্ঞাপন

উল্লেখ্য, রুহুল আমিন দীর্ঘদিন ধরে জীবননগরে তাঁর প্রতিষ্ঠিত রুহুল এগ্রো লিমিটেড ও গ্রীণ প্লানেট এগ্রো খামারে ইউরোপ ও এশিয়ার বিভিন্ন জাতের আঙ্গুর পরীক্ষামূলকভাবে চাষ করে আসছেন। গবেষণা, উপযুক্ত জাত নির্বাচন এবং আধুনিক চাষাবাদ পদ্ধতির মাধ্যমে তিনি স্থানীয় পরিবেশে সফলভাবে সীডলেস আঙ্গুর উৎপাদনে সক্ষম হয়েছেন।

কৃষি সংশ্লিষ্টরা জানান, দেশে আঙ্গুরের বড় অংশই বিদেশ থেকে আমদানি করতে হয়। স্থানীয়ভাবে মানসম্মত আঙ্গুর উৎপাদন বৃদ্ধি পেলে আমদানি নির্ভরতা কমবে এবং কৃষকদের জন্য নতুন অর্থনৈতিক সুযোগ সৃষ্টি হবে।

বিজ্ঞাপন

রুহুল আমিন বলেন, “উন্নত প্রযুক্তি ও কার্যকর বাজারব্যবস্থা নিশ্চিত করা গেলে দেশেই বাণিজ্যিক আঙ্গুর চাষ দ্রুত বিস্তার লাভ করবে।” ভবিষ্যতে বৃহৎ পরিসরে আঙ্গুর চাষ সম্প্রসারণের পরিকল্পনার কথাও জানান তিনি।

জেলা কৃষি সম্প্রসারণ অধিদপ্তরের মতে, চুয়াডাঙ্গার অনুকূল আবহাওয়া উচ্চমূল্যের ফল চাষের জন্য উপযোগী। উদ্যোক্তাদের এ ধরনের উদ্যোগ স্থানীয় কৃষিতে নতুন সম্ভাবনার দ্বার উন্মোচন করছে।

জেবি/আরএক্স
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD