Logo

পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে: পল কাপুর

profile picture
নিজস্ব প্রতিবেদক
৪ মার্চ, ২০২৬, ১৩:২৭
পররাষ্ট্রমন্ত্রী ও প্রতিমন্ত্রীর সঙ্গে বৈঠক ভালো হয়েছে: পল কাপুর
ছবি: সংগৃহীত

পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান ও পররাষ্ট্র প্রতিমন্ত্রী শামা ওবায়েদের সঙ্গে বৈঠক ফলপ্রসূ ও ইতিবাচক হয়েছে বলে জানিয়েছেন যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী পল কাপুর।

বিজ্ঞাপন

বুধবার (৪ মার্চ) পররাষ্ট্র মন্ত্রণালয়–এ বৈঠক শেষে সাংবাদিকদের তিনি এ মন্তব্য করেন। বৈঠকে দুই দেশের পারস্পরিক সম্পর্ক, আঞ্চলিক সহযোগিতা ও ভবিষ্যৎ অংশীদারিত্ব নিয়ে আলোচনা হয়েছে বলে জানা গেছে।

এর আগে মঙ্গলবার রাতে শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর–এ অবতরণ করেন পল কাপুর। কৌশলগত সম্পর্ক আরও জোরদার করার লক্ষ্যেই তার এই ঢাকা সফর বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে। সফরকালে তিনি নতুন সরকারের জ্যেষ্ঠ কর্মকর্তাদের পাশাপাশি ব্যবসায়ী নেতাদের সঙ্গেও বৈঠক করবেন।

বিজ্ঞাপন

এ ছাড়াও তিনি দ্বিপক্ষীয় বাণিজ্য ও বিনিয়োগ সম্প্রসারণ, নিরাপত্তা সহযোগিতা বৃদ্ধি এবং ইন্দো-প্যাসিফিক অঞ্চলে অভিন্ন স্বার্থ এগিয়ে নেয়ার উপায় নিয়ে আলোচনা করবেন।

পল কাপুরের খসড়া সূচি অনুযায়ী আজ পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান, জ্বালানি ও খনিজসম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ, বাণিজ্যমন্ত্রী খন্দকার আব্দুল মুক্তাদিরের সঙ্গে বৈঠক করবেন পল কাপুর। সন্ধ্যায় আমেরিকান চেম্বার অব কমার্স ইন বাংলাদেশের (অ্যামচেম) আয়োজনে ব্যবসায়ী প্রতিনিধিদলের সঙ্গে মতবিনিময়ের পাশাপাশি তার সফর উপলক্ষে আয়োজিত নৈশভোজে অংশ নেবেন তিনি।

বিজ্ঞাপন

সফরের শেষ দিনে বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের সঙ্গে মতবিনিময় করবেন পল কাপুর। সকালে বাংলাদেশ জামায়াতে ইসলামী ও জাতীয় নাগরিক পার্টি (এনসিপি) এবং দুপুরে বিএনপির নেতাদের সঙ্গে বৈঠক করবেন তিনি। বিকেলে তিনি প্রধানমন্ত্রীর পররাষ্ট্রবিষয়ক উপদেষ্টা হুমায়ুন কবীরের সঙ্গে আলোচনা করবেন। এদিন শহিদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়ার কবরে শ্রদ্ধা নিবেদন করবেন তিনি।

উল্লেখ্য, ২০২৫ সালের ২২ অক্টোবর যুক্তরাষ্ট্রের দক্ষিণ ও মধ্য এশিয়াবিষয়ক সহকারী পররাষ্ট্রমন্ত্রী হিসেবে শপথ নেন পল কাপুর। তার এই সফরকে দুই দেশের কূটনৈতিক সম্পর্কের ধারাবাহিকতায় গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে

জেবি/এসডি
Logo

সম্পাদক ও প্রকাশকঃ

মোঃ শফিকুল ইসলাম ( শফিক )

বার্তা ও বাণিজ্যিক কার্যালয়ঃ ৫৭, ময়মনসিংহ লেন, ২০ লিংক রোড, বাংলামটর, ঢাকা-১০০০।

ফোনঃ 02-44615293

ই-মেইলঃ dailyjanobaninews@gmail.com; dailyjanobaniad@gmail.com

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD