মন্ত্রণালয়ে বড় রদবদল : ৮ প্রতিমন্ত্রীর দায়িত্ব পরিবর্তন

সরকার প্রশাসনিক কার্যক্রমে গতি ও সমন্বয় জোরদার করতে একাধিক মন্ত্রণালয়ে দায়িত্ব পুনর্বণ্টন করেছে। মোট আটজন প্রতিমন্ত্রীর দপ্তর পুনর্নির্ধারণ করে নতুনভাবে দায়িত্ব ভাগ করে দেওয়া হয়েছে। বুধবার (৪ মার্চ) মন্ত্রিপরিষদ সচিব নাসিমুল গণির স্বাক্ষরিত প্রজ্ঞাপনে এ তথ্য জানানো হয়।
বিজ্ঞাপন
প্রজ্ঞাপনে বিভিন্ন মন্ত্রণালয় ও অধিদপ্তরের কার্যপরিধি স্পষ্ট করে দায়িত্ব আলাদা করার কথা উল্লেখ রয়েছে। সরকারের মতে, এ পুনর্বিন্যাসের মাধ্যমে সংশ্লিষ্ট দপ্তরগুলোর কাজের দক্ষতা বাড়বে এবং প্রশাসনিক সমন্বয় আরও শক্তিশালী হবে।
নতুন সিদ্ধান্ত অনুযায়ী— বাণিজ্য, শিল্প এবং বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. শরীফুল আলম এখন কেবল বস্ত্র ও পাট মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ এবং খাদ্য মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা সুলতান সালাউদ্দিন টুকুকে দেওয়া হয়েছে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়। সড়ক পরিবহন ও সেতু, রেলপথ এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা হাবিবুর রশিদকে রেলপথ মন্ত্রণালয়ের পাশাপাশি সড়ক পরিবহন ও মহাসড়ক বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
সড়ক পরিবহন ও সেতু মন্ত্রণালয়, রেলপথ মন্ত্রণালয় এবং নৌপরিবহন মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. রাজিব আহসানকে নৌপরিবহন মন্ত্রণালয় এবং সেতু বিভাগের দায়িত্ব দেওয়া হয়েছে। অর্থ ও পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. জোনায়েদ আব্দুর রহিম সাকি এখন পরিকল্পনা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকবেন। মহিলা ও শিশু বিষয়ক এবং সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ফারজানা শারমীনকে সমাজকল্যাণ মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে। শ্রম ও কর্মসংস্থান এবং প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা মো. নুরুল হক এখন প্রবাসী কল্যাণ ও বৈদেশিক কর্মসংস্থান মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করবেন। শিক্ষা এবং প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্বে থাকা ববি হাজ্জাজকে প্রাথমিক ও গণশিক্ষা মন্ত্রণালয়ের দায়িত্ব দেওয়া হয়েছে।
সরকারি সূত্র বলছে, একাধিক দপ্তরের দায়িত্ব একসঙ্গে থাকায় কাজের চাপ ও সমন্বয় জটিলতা তৈরি হচ্ছিল। সে কারণে দায়িত্ব পৃথক করে নির্দিষ্ট মন্ত্রণালয়ের ওপর প্রতিমন্ত্রীদের মনোযোগ কেন্দ্রীভূত করার উদ্যোগ নেওয়া হয়েছে।
বিজ্ঞাপন










