Logo

দূষণ কমাতে শুধু দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১৫:০১
দূষণ কমাতে শুধু দোষারোপ করে লাভ নেই, কাজ করতে হবে
ছবি: সংগৃহীত

পরিবেশ, বন ও জলবায়ু পরিবর্তন মন্ত্রী আবদুল আউয়াল মিন্টু বলেছেন, “দূষণ কমাতে শুধু দোষারোপের কোনো লাভ নেই। কাজ করতে হবে।” তিনি বলেন, অতীতের লুটপাট ও অবহেলার জন্য যে কোনও দায়িত্বশীলকে দায়িত্ব নিতে হবে, তবে এখন মূল লক্ষ্য হলো কার্যকরভাবে দূষণ নিয়ন্ত্রণ করা।

বিজ্ঞাপন

রোববার বেলা ১১টার দিকে ফেনী সার্কিট হাউজে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী উল্লেখ করেন, বায়ু দূষণ, শব্দ দূষণ এবং নদী দূষণ প্রতিরোধ করা জরুরি। তিনি বলেন, “আগের কাউকে দোষ দিয়ে লাভ নেই। দেশে দূষণ কমানো এখন সরকারের, জাতির এবং সকলের দায়িত্ব। দূষণ শুধু অর্থনীতিকেই ক্ষতিগ্রস্ত করে না, মানুষের জীবনমানও বিপর্যস্ত করে।”

মন্ত্রী আরও জানান, দেশের পরিবেশ উন্নয়নে বৃক্ষরোপণের বড় কর্মসূচি হাতে নেওয়া হচ্ছে। আগামী মে মাসের ২০-২২ তারিখ থেকে শুরু হয়ে আগস্টের প্রথম সপ্তাহ পর্যন্ত এই কর্মসূচি চলবে। তিনি বলেন, “আগের প্রকল্পগুলো পর্যবেক্ষণ এখনও সম্পূর্ণ হয়নি। এখন আমরা ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে কাজ করছি এবং ১৮০ দিনের একটি বিস্তারিত কর্মপরিকল্পনা তৈরি করেছি।”

বিজ্ঞাপন

ঢাকা শহরের দূষণের মাত্রা বিশ্বে সবচেয়ে খারাপ হওয়াকে উল্লেখ করে তিনি বলেন, দূষণের কারণে বাংলাদেশের মানুষের গড় আয়ু ২-৩ বছর কমে যাচ্ছে। তাই পরিবেশ উন্নয়নের মাধ্যমে জনগণের জীবনমান উন্নত করা অত্যাবশ্যক।

এসময় ফেনীর জেলা প্রশাসক মনিরা হক, পুলিশ সুপার মো. শফিকুল ইসলামসহ স্থানীয় প্রশাসনের ঊর্ধ্বতন কর্মকর্তা এবং বিভিন্ন রাজনৈতিক সংগঠনের নেতারা উপস্থিত ছিলেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD