Logo

বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: জ্বালানিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৮ মার্চ, ২০২৬, ১৭:২৩
বিদ্যুতের দাম বাড়ানোর পরিকল্পনা নেই সরকারের: জ্বালানিমন্ত্রী
ছবি: সংগৃহীত

বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু জানিয়েছেন, আপাতত বিদ্যুতের দাম বাড়ানোর কোনো পরিকল্পনা সরকারের নেই। একই সঙ্গে পবিত্র রমজান মাসে ইফতার, তারাবি ও সেহরির সময় যাতে নিরবচ্ছিন্ন বিদ্যুৎ সরবরাহ বজায় থাকে, সে বিষয়ে সংশ্লিষ্ট কর্তৃপক্ষকে প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) সচিবালয়ে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে মন্ত্রী এসব কথা বলেন। তিনি জানান, দেশের জ্বালানি সরবরাহ পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার প্রয়োজনীয় পদক্ষেপ নিচ্ছে। এ প্রসঙ্গে তিনি বলেন, সকাল ১১টার দিকে একটি তেলবাহী জাহাজ দেশে পৌঁছেছে এবং আজ আরও একটি জাহাজ আসার কথা রয়েছে।

এদিকে চট্টগ্রাম বন্দরে ইতোমধ্যে এলএনজি ও এলপিজিবাহী মোট আটটি জাহাজ এসে নোঙর করেছে। পাশাপাশি তেলবাহী জাহাজও আসছে বলে বন্দর সূত্রে জানা গেছে। চট্টগ্রাম বন্দরের সচিব সৈয়দ রেফায়েত হামিম জানিয়েছেন, এসব জাহাজ গত ২৮ ফেব্রুয়ারির আগেই হরমুজ প্রণালি অতিক্রম করেছিল এবং আজ সকালে সেগুলো বন্দরে পৌঁছেছে।

বিজ্ঞাপন

বৈশ্বিক বাজারে জ্বালানি তেলের সরবরাহ কমে যাওয়ার আশঙ্কার কারণে গত শুক্রবার বাংলাদেশ পেট্রোলিয়াম করপোরেশন (বিপিসি) তেল বিক্রির ক্ষেত্রে নির্দিষ্ট সীমা নির্ধারণ করে। তবে সরকার বারবার আশ্বস্ত করছে, দেশে জ্বালানির কোনো সংকট নেই। তবুও আন্তর্জাতিক পরিস্থিতি ঘিরে সাধারণ মানুষের মধ্যে কিছুটা উদ্বেগ দেখা দিয়েছে।

এই পরিস্থিতিতে চট্টগ্রাম বন্দরে মধ্যপ্রাচ্য থেকে আসা জ্বালানিবাহী জাহাজগুলোর আগমন দেশের জ্বালানি সরবরাহ স্থিতিশীল রাখতে সহায়ক হবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD