ঢাকা ওয়াসার এমডিকে অপসারণ করল সরকার

ঢাকা ওয়াসার ব্যবস্থাপনা পরিচালক (এমডি) প্রকৌশলী মো. আবদুস সালাম ব্যাপারীকে অপসারণ করেছে সরকার। রোববার (৮ মার্চ) স্থানীয় সরকার মন্ত্রণালয় থেকে প্রস্তুত করা একটি পদত্যাগপত্রে তার স্বাক্ষর নেওয়া হয়। এর মধ্য দিয়ে তিনি দায়িত্ব থেকে সরে দাঁড়ান।
বিজ্ঞাপন
প্রকৌশলী আবদুস সালাম ব্যাপারীর বিরুদ্ধে দীর্ঘদিন ধরে নানা ধরনের দুর্নীতির অভিযোগ ছিল। পাশাপাশি তার নিয়োগ প্রক্রিয়া নিয়েও প্রশ্ন উঠেছিল। অভিযোগ রয়েছে, অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে তড়িঘড়ি করে তাকে ঢাকা ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দেওয়া হয়েছিল। বিষয়টি প্রকাশ্যে আসার পর থেকেই বিভিন্ন মহলে সমালোচনা শুরু হয়।
গত বছরের ১১ নভেম্বর স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায় মন্ত্রণালয়ের স্থানীয় সরকার বিভাগ থেকে তাকে ওয়াসার এমডি হিসেবে নিয়োগ দিয়ে প্রজ্ঞাপন জারি করা হয়। এর আগে তিনি সংস্থাটির কয়েকটি বড় প্রকল্পের সঙ্গে যুক্ত ছিলেন। গত কয়েক বছরে ওয়াসার তিনটি বড় প্রকল্পে প্রায় পাঁচ হাজার কোটি টাকা ব্যয় হয়েছে, যেগুলোর সঙ্গে তার সম্পৃক্ততার বিষয়টি আলোচনায় আসে। এসব প্রকল্পকে ঘিরে নানা অনিয়ম ও দুর্নীতির অভিযোগও ওঠে এবং এ নিয়ে তার বিরুদ্ধে বিভাগীয় মামলাও হয়েছিল।
বিজ্ঞাপন
এমন পরিস্থিতিতে তাকে ওয়াসার মতো গুরুত্বপূর্ণ একটি প্রতিষ্ঠানের প্রধান হিসেবে নিয়োগ দেওয়াকে অনেকেই প্রশ্নবিদ্ধ হিসেবে দেখেন।
এদিকে তার বিরুদ্ধে বিদেশে অর্থ পাচারের অভিযোগও উঠেছে। বিষয়টি তদন্ত করতে ইতোমধ্যে পুলিশের অপরাধ তদন্ত বিভাগ (সিআইডি) অনুসন্ধান শুরু করেছে। প্রাথমিক অনুসন্ধানে জানা গেছে, ১৯৯১ সালে তিনি ঢাকা ওয়াসায় সহকারী প্রকৌশলী হিসেবে চাকরিতে যোগ দেন। পরবর্তীতে বিভিন্ন উৎস থেকে অর্জিত অর্থ অবৈধভাবে বিদেশে পাচার করে নিজের ও পরিবারের সদস্যদের নামে কানাডা, যুক্তরাষ্ট্রসহ বিভিন্ন দেশে স্থাবর ও অস্থাবর সম্পদ অর্জনের অভিযোগ পাওয়া গেছে।
বিজ্ঞাপন
অনুসন্ধানে আরও জানা যায়, ২০১৮ সালে তিনি নিজের এবং স্ত্রী মাহবুবুন্নেছার নামে কানাডার টরন্টো শহরে একটি বাড়ি কেনেন। স্থানীয় ভূমি নিবন্ধন অফিসের তথ্য অনুযায়ী, ২০১৮ সালের ২৮ মার্চ বাড়িটি ক্রয় করা হয়। বর্তমানে ওই বাড়িটির মূল্য বাংলাদেশি মুদ্রায় প্রায় ২০ কোটি টাকা বলে জানা গেছে। এছাড়া কানাডার টরন্টোতে তার পরিবারের নামে বাড়ি থাকার বিষয়টি বিভিন্ন সময় প্রকাশ্যে এসেছে।








