মধ্যপ্রাচ্যের যুদ্ধের প্রভাব পড়তে পারে দেশের ব্যাংক খাতে: মির্জা আব্বাস

মধ্যপ্রাচ্যে চলমান সংঘাতের প্রভাব বাংলাদেশের অর্থনীতি এবং ব্যাংকিং খাতে গুরুতর সংকট তৈরি করতে পারে বলে আশঙ্কা প্রকাশ করেছেন প্রধানমন্ত্রীর রাজনৈতিক উপদেষ্টা ও বিএনপির স্থায়ী কমিটির সদস্য মির্জা আব্বাস।
বিজ্ঞাপন
তিনি বলেন, ইরানকে ঘিরে ইসরায়েল ও যুক্তরাষ্ট্রের সঙ্গে যে যুদ্ধ পরিস্থিতি তৈরি হয়েছে, তার প্রভাব বিশ্ব অর্থনীতির পাশাপাশি বাংলাদেশের সাধারণ মানুষের জীবনেও পড়তে পারে।
রোববার (৮ মার্চ) বাংলাদেশ কৃষি ব্যাংকের আয়োজিত দোয়া ও ইফতার মাহফিলে বক্তব্য দিতে গিয়ে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
মির্জা আব্বাস বলেন, আন্তর্জাতিক পরিস্থিতি ক্রমেই অনিশ্চিত হয়ে উঠছে। মধ্যপ্রাচ্যে সংঘাত কতদিন চলবে তা নিশ্চিত করে বলা যাচ্ছে না। যদি এই পরিস্থিতি দীর্ঘস্থায়ী হয়, তাহলে বৈশ্বিক বাণিজ্য ব্যবস্থায় বড় ধরনের প্রভাব পড়তে পারে। বিশেষ করে আমদানি ও রফতানি কার্যক্রম বাধাগ্রস্ত হওয়ার আশঙ্কা রয়েছে।
তিনি আরও বলেন, আন্তর্জাতিক বাণিজ্যে বিঘ্ন ঘটলে তার সরাসরি প্রভাব দেশের অর্থনীতি এবং ব্যাংক খাতে পড়বে। এতে সাধারণ মানুষও নানা ধরনের আর্থিক চাপে পড়তে পারেন।
দেশের সামগ্রিক অর্থনৈতিক পরিস্থিতি নিয়ে উদ্বেগ প্রকাশ করে মির্জা আব্বাস বলেন, বর্তমানে বাংলাদেশ বিপুল ঋণের বোঝা বহন করছে। এই অবস্থায় বৈশ্বিক অস্থিরতা পরিস্থিতিকে আরও জটিল করে তুলতে পারে।
বিজ্ঞাপন
রাজনৈতিক প্রসঙ্গ টেনে তিনি অভিযোগ করেন, তার বিরোধীরা উদ্দেশ্যপ্রণোদিতভাবে বিভিন্ন মিথ্যাচার ছড়াচ্ছে। এ ধরনের অপপ্রচার আন্তর্জাতিক ও ধর্মীয় দৃষ্টিকোণ থেকেও নিন্দনীয়।
মির্জা আব্বাস আরও বলেন, শুধুমাত্র ক্ষমতায় যাওয়ার আকাঙ্ক্ষায় কেউ কেউ দেশের স্থিতিশীলতাকে ঝুঁকির মধ্যে ফেলছে। এ ধরনের কর্মকাণ্ড দেশকে ধ্বংসের পথে ঠেলে দিতে পারে বলে তিনি মন্তব্য করেন।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে উপস্থিত নেতাকর্মী ও ব্যাংক সংশ্লিষ্ট ব্যক্তিদের উদ্দেশে তিনি দেশের বর্তমান অর্থনৈতিক পরিস্থিতি সম্পর্কে সতর্ক থাকার আহ্বান জানান এবং বৈশ্বিক পরিস্থিতির প্রভাব মোকাবিলায় সবাইকে সচেতন থাকার কথা বলেন।








