Logo

১৬ মার্চ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৯ মার্চ, ২০২৬, ১১:৫৯
১৬ মার্চ খাল পুনঃখনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সারাদেশে খাল পুনঃখনন কর্মসূচি আগামী ১৬ মার্চ একযোগে উদ্বোধন করা হবে বলে জানিয়েছেন পানিসম্পদমন্ত্রী শহীদ উদ্দীন চৌধুরী এ্যানি। তিনি জানান, দিনাজপুর জেলার সাহাপাড়া খাল পুনঃখননের মাধ্যমে এই কর্মসূচির আনুষ্ঠানিক উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

বিজ্ঞাপন

রোববার (৮ মার্চ) দুপুরে দিনাজপুরের কাহারোল উপজেলার বলরামপুর এলাকায় অবস্থিত সাহাপাড়া খাল পরিদর্শন শেষে তিনি এসব কথা বলেন। এ সময় পানিসম্পদ প্রতিমন্ত্রী ফরহাদ হোসেন (আজাদ), দিনাজপুর-১ আসনের সংসদ সদস্য মনজুরুল ইসলাম, জেলা প্রশাসক রফিকুল ইসলাম এবং পুলিশ সুপার জেদান আল মূসাসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তারা উপস্থিত ছিলেন।

পরিদর্শন শেষে পানিসম্পদমন্ত্রী বলেন, সাহাপাড়া খাল পুনঃখনন প্রকল্প বাস্তবায়িত হলে এলাকার দীর্ঘদিনের জনদাবি পূরণ হবে। একই সঙ্গে জলাবদ্ধতার সমস্যাও অনেকটাই কমে আসবে। তিনি জানান, বর্ষা মৌসুমে এ এলাকায় প্রায়ই জলাবদ্ধতা তৈরি হয়, যা স্থানীয় মানুষের জন্য বড় ভোগান্তির কারণ হয়ে দাঁড়ায়। খালটি পুনঃখনন করা হলে পানি দ্রুত নিষ্কাশনের সুযোগ তৈরি হবে এবং কৃষি জমিতেও সেচের জন্য পানি সরবরাহ সহজ হবে। এর ফলে কৃষি উৎপাদন বাড়বে বলে আশা প্রকাশ করেন তিনি।

বিজ্ঞাপন

শহীদ উদ্দীন চৌধুরী বলেন, খাল খননের এই কর্মসূচি অতীতে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের একটি গুরুত্বপূর্ণ উদ্যোগ ছিল। দেশের কৃষি ও অর্থনীতিকে শক্তিশালী করার জন্য তিনি খাল খনন আন্দোলনকে গুরুত্ব দিয়েছিলেন। সেই ধারাবাহিকতাকে সামনে রেখে বর্তমান সরকার আবারও এ ধরনের উদ্যোগ বাস্তবায়নে কাজ করছে।

তিনি আরও জানান, সাহাপাড়া খালের দৈর্ঘ্য প্রায় সোয়া ১২ কিলোমিটার। পানিসম্পদ মন্ত্রণালয়ের উদ্যোগে এই খাল পুনঃখননের কাজ বাস্তবায়ন করা হচ্ছে। একই সঙ্গে দেশব্যাপী একযোগে উদ্বোধনের পরিকল্পনা নেওয়া হয়েছে, যাতে খাল পুনঃখনন কার্যক্রম দ্রুত গতিতে এগিয়ে নেওয়া যায়।

বিজ্ঞাপন

মন্ত্রী বলেন, দীর্ঘদিন ধরে দেশের অনেক খাল ও নদীতে পলি জমে পানি প্রবাহ বাধাগ্রস্ত হয়েছে। কিছু জায়গায় আবার খালের ওপর দখলদারিত্বের কারণে দোকানপাট বা বসতবাড়িও গড়ে উঠেছে। এসব বাধা দূর করে খালগুলো পুনরুদ্ধারের জন্য সংশ্লিষ্ট সবার সহযোগিতা প্রয়োজন বলে তিনি উল্লেখ করেন।

তিনি বলেন, বর্তমান সময়ে দেশের জন্য খাল পুনঃখনন অত্যন্ত জরুরি একটি কাজ। এই প্রকল্প বাস্তবায়ন হলে কৃষি উৎপাদন বাড়বে, সেচ ব্যবস্থা উন্নত হবে এবং গ্রামীণ অর্থনীতি আরও শক্তিশালী হবে। একই সঙ্গে অতীতে শুরু হওয়া অনেক উন্নয়ন উদ্যোগের অসমাপ্ত কাজও সম্পন্ন করা সম্ভব হবে।

পানিসম্পদমন্ত্রী আরও বলেন, খাল পুনঃখনন কার্যক্রমে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতিকে প্রশ্রয় দেওয়া হবে না। সরকার স্বচ্ছতা ও জবাবদিহিতার ভিত্তিতে কাজ করতে প্রতিশ্রুতিবদ্ধ। অতীতে বিভিন্ন উন্নয়ন প্রকল্পে যে ধরনের অনিয়মের অভিযোগ উঠেছিল, সেসব অভিজ্ঞতা মাথায় রেখে এই কর্মসূচির প্রতিটি ধাপ নিবিড়ভাবে পর্যবেক্ষণ করা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের পুরো প্রক্রিয়ায় স্বচ্ছতা নিশ্চিত করতে সংশ্লিষ্ট কর্তৃপক্ষ সতর্ক থাকবে, যাতে কোনোভাবেই দুর্নীতির সুযোগ তৈরি না হয়। সরকারের লক্ষ্য হলো দায়িত্বশীলতার সঙ্গে কাজ করে দেশের মানুষের জন্য টেকসই উন্নয়ন নিশ্চিত করা।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD