Logo

প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৭:৩১
প্রধানমন্ত্রীর সঙ্গে বিরোধীদলীয় নেতার বৈঠক
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রী তারেক রহমানের সঙ্গে সাক্ষাৎ করেছেন জাতীয় সংসদের বিরোধীদলীয় নেতা ডা. শফিকুর রহমান। সোমবার (৩০ মার্চ) দুপুরে সংসদ সচিবালয়ে প্রধানমন্ত্রীর কার্যালয়ে এ সংক্ষিপ্ত বৈঠক অনুষ্ঠিত হয়।

বিজ্ঞাপন

জানা গেছে, জাতীয় সংসদ ভবনের দক্ষিণ প্লাজায় স্পিকারের সহধর্মিণী দিলারা হাফিজের জানাজা শেষে দুই নেতা একসঙ্গে সংসদ ভবনের দিকে ফিরছিলেন। এ সময় বিরোধীদলীয় নেতা প্রধানমন্ত্রীর সঙ্গে আলাপের আগ্রহ প্রকাশ করলে তাকে সঙ্গে সঙ্গে নিজের কার্যালয়ে আমন্ত্রণ জানান প্রধানমন্ত্রী।

প্রধানমন্ত্রীর কার্যালয়ে অনুষ্ঠিত ওই বৈঠকে প্রায় ২০ মিনিট আলোচনা করেন দুই নেতা। বৈঠকের বিষয়বস্তু সম্পর্কে বিস্তারিত কিছু জানা না গেলেও এটি সৌজন্য সাক্ষাৎ হিসেবেই বিবেচনা করা হচ্ছে।

বিজ্ঞাপন

বৈঠক শেষে প্রধানমন্ত্রী নিজে বিরোধীদলীয় নেতাকে তার সংসদ সচিবালয়ের কার্যালয়ের দিকে খানিকটা পথ এগিয়ে দেন। প্রধানমন্ত্রীর এই আচরণ উপস্থিত কর্মকর্তা ও সংশ্লিষ্টদের মধ্যে প্রশংসিত হয়।

প্রধানমন্ত্রীর অতিরিক্ত প্রেস সচিব আতিকুর রহমান রুমন বলেন, এটি ছিল একটি সংক্ষিপ্ত সৌজন্য সাক্ষাৎ। প্রধানমন্ত্রী সবসময়ই রাজনৈতিক শিষ্টাচার ও পারস্পরিক সম্মান প্রদর্শনে গুরুত্ব দেন। বিভিন্ন সময় তার এই সৌজন্য আচরণ সাধারণ মানুষের কাছেও ইতিবাচকভাবে প্রতিফলিত হয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD