Logo

প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না: কৃষিমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৭:৩৬
প্রকল্পে অনিয়ম-দুর্নীতি করলে কেউ ছাড় পাবে না: কৃষিমন্ত্রী
ছবি: সংগৃহীত

কৃষি, মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রী মোহাম্মদ আমিন উর রশিদ বলেছেন, জনগণের প্রকৃত কল্যাণকে সর্বোচ্চ গুরুত্ব দিয়ে উন্নয়ন প্রকল্প গ্রহণ ও বাস্তবায়ন করতে হবে। প্রকল্প বাস্তবায়নে কোনো ধরনের অনিয়ম বা দুর্নীতি ধরা পড়লে কাউকেই ছাড় দেওয়া হবে না।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সচিবালয়ে কৃষি মন্ত্রণালয়ের সভাকক্ষে বার্ষিক উন্নয়ন কর্মসূচি (এডিপি) পর্যালোচনা সভায় সভাপতিত্বকালে মন্ত্রী এ কথা বলেন।

মন্ত্রী বলেন, যেসব প্রকল্প প্রত্যাশিত সাফল্য অর্জনে ব্যর্থ হয়েছে, সেগুলোর কারণ খুঁজে বের করতে হবে এবং দায়ীদের জবাবদিহিতার আওতায় আনা হবে। ভবিষ্যতে প্রকল্প গ্রহণের ক্ষেত্রে জনকল্যাণকে প্রাধান্য দিয়ে সুদূরপ্রসারী পরিকল্পনা গ্রহণ করতে হবে।

বিজ্ঞাপন

কৃষি উৎপাদন টেকসই রাখতে মন্ত্রী জমির উর্বরতা পুনরুদ্ধার এবং মাটির স্বাস্থ্য রক্ষার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন। তিনি উল্লেখ করেন, অতিরিক্ত সার ব্যবহারের ফলে মাটির অম্লতা স্বাভাবিকের তুলনায় বৃদ্ধি পেয়েছে, যা কৃষি উৎপাদন ব্যয় বাড়াচ্ছে এবং মাটির ক্ষতির কারণ হচ্ছে। মন্ত্রী দ্রুত কার্যকর পদক্ষেপ গ্রহণের নির্দেশ দেন যাতে মাটির অম্লতা হ্রাস করা যায়।

সভায় জানানো হয়, চলতি অর্থবছরে কৃষি মন্ত্রণালয়ের বার্ষিক উন্নয়ন কর্মসূচির অগ্রগতি ৪২.১৮ শতাংশ।

বিজ্ঞাপন

সভায় কৃষি সচিব রফিকুল-ই মোহামেদসহ মন্ত্রণালয়ের ঊর্ধ্বতন কর্মকর্তা ও অধীন দপ্তর ও সংস্থার প্রধানরা উপস্থিত ছিলেন।

মন্ত্রী সভায় অংশ নেওয়া কর্মকর্তাদের প্রতি সতর্ক করে বলেন, উন্নয়ন প্রকল্পের প্রতি জনগণের আস্থা বজায় রাখতে সততা ও স্বচ্ছতা নিশ্চিত করতে হবে। প্রকল্প বাস্তবায়নের প্রতিটি স্তরে জবাবদিহিতা ও দায়বদ্ধতা বজায় রাখা সরকারের অটল নীতি।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD