Logo

বালিশ-পর্দা কেনায় ‘নয়-ছয়’ বরদাস্ত করা হবে না: চিফ হুইপ

profile picture
নিজস্ব প্রতিবেদক
৩০ মার্চ, ২০২৬, ১৮:৫২
বালিশ-পর্দা কেনায় ‘নয়-ছয়’ বরদাস্ত করা হবে না: চিফ হুইপ
ছবি: সংগৃহীত

ত্রয়োদশ জাতীয় সংসদের সদস্যদের জন্য বরাদ্দ করা ভবনগুলোর আসবাবপত্র কেনাকাটায় কোনো ধরনের অনিয়ম বা ‘নয়-ছয়’ বরদাস্ত করা হবে না বলে হুঁশিয়ারি দিয়েছেন জাতীয় সংসদের চিফ হুইপ মো. নূরুল ইসলাম।

বিজ্ঞাপন

সোমবার (৩০ মার্চ) সংসদ ভবনে অনুষ্ঠিত সংসদ কমিটির দ্বিতীয় বৈঠকে সভাপতির বক্তব্যে তিনি বলেন, অতীতে আলোচিত ‘বালিশ, পর্দা বা ছাগল কাণ্ডের মতো ঘটনা পুনরায় যেন না ঘটে, সেই জন্য সর্বোচ্চ সতর্কতা অবলম্বন করতে হবে। তিনি আসবাবপত্র কেনাকাটায় গুণগত মান নিশ্চিত এবং ক্রয়মূল্য যৌক্তিক রাখার ওপর বিশেষ গুরুত্বারোপ করেন।

বৈঠকে সংসদ সদস্যদের আবাসিক ভবনের সংস্কার ও মেরামতের অগ্রগতি পর্যালোচনা করা হয়। মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়ার ভবনগুলো আগামী ১০ এপ্রিলের মধ্যে বরাদ্দ দেওয়ার লক্ষ্য নির্ধারণ করে দ্রুত কাজ শেষ করার নির্দেশ দেওয়া হয়। এছাড়া শেরে-ই-বাংলা নগরের এমপি হোস্টেলের ১৫৬টি অফিস কক্ষের সংস্কারের অগ্রগতিও আলোচিত হয়।

বিজ্ঞাপন

সংসদ ভবনের ব্যবস্থাপনা তদারকির জন্য দুটি সাব-কমিটি গঠন করা হয়েছে। সংসদ অধিবেশন কক্ষের সাউন্ড সিস্টেমের সমস্যা সমাধানের জন্য রকিবুল ইসলামকে আহ্বায়ক করে একটি কমিটি করা হয়েছে।

অন্যদিকে ক্যান্টিনের খাবার, পানির মান এবং এমপি ভবনের আসবাবপত্রের গুণগত মান যাচাইয়ের জন্য নায়ার ইউসুফ আহমেদকে আহ্বায়ক করে আরেকটি কমিটি গঠন করা হয়েছে।

বিজ্ঞাপন

চিফ হুইপ চিকিৎসা ও নিরাপত্তার বিষয়েও নির্দেশ দেন। সংসদ সদস্যদের জন্য ২৪ ঘণ্টা চিকিৎসাসেবা নিশ্চিত করতে মেডিকেল সেন্টারে প্রয়োজনীয় বিশেষজ্ঞ চিকিৎসক নিয়োগের নির্দেশ দেওয়া হয়েছে। পাশাপাশি মানিক মিয়া অ্যাভিনিউ ও নাখালপাড়া এলাকায় নিরাপত্তা জোরদারের সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বৈঠকে কমিটির সদস্য এবং সংশ্লিষ্ট দপ্তরের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন। চিফ হুইপের এই সতর্কবার্তা সংসদ ভবনের স্বচ্ছ ও জবাবদিহিমূলক ব্যবস্থাপনা নিশ্চিত করার অঙ্গীকার হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD