দেশে বর্তমানে বীর মুক্তিযোদ্ধা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন

মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রণালয়ের এমআইএস (ব্যবস্থাপনা তথ্য পদ্ধতি) অনুযায়ী দেশে বর্তমানে বীর মুক্তিযোদ্ধার সংখ্যা ১ লাখ ৯৮ হাজার ৩৭ জন বলে জাতীয় সংসদে জানিয়েছেন মুক্তিযুদ্ধবিষয়ক মন্ত্রী আহমেদ আযম খান।
বিজ্ঞাপন
বুধবার (১৫ এপ্রিল) সংসদে সরকারি দলের সংসদ সদস্য এ এম মাহবুব উদ্দিন খোকনের লিখিত প্রশ্নের জবাবে তিনি এ তথ্য জানান। স্পিকার হাফিজ উদ্দিন আহমেদের সভাপতিত্বে অধিবেশনে প্রশ্নোত্তর পর্ব অনুষ্ঠিত হয়।
মন্ত্রী এ সময় জানান, বীর মুক্তিযোদ্ধাদের ভাতা সংক্রান্ত বিভিন্ন সুবিধা সরকারের পক্ষ থেকে চালু রয়েছে। তবে আপাতত সম্মানি ভাতা বাড়ানোর কোনো পরিকল্পনা নেই।
বিজ্ঞাপন
পৃথক এক প্রশ্নের জবাবে তিনি আরও বলেন, কোনো গেজেটধারী মুক্তিযোদ্ধার বিরুদ্ধে ‘অমুক্তিযোদ্ধা’ অভিযোগ এলে জাতীয় মুক্তিযোদ্ধা কাউন্সিল (জামুকা) তদন্ত ও শুনানির মাধ্যমে তা যাচাই করে। প্রমাণিত হলে গেজেট থেকে নাম বাদ দেওয়ার সুপারিশ করা হয়।
মন্ত্রী জানান, ২০২৪ সালের আগস্ট থেকে এখন পর্যন্ত ৮৪২টি অভিযোগ জমা পড়েছে। যাচাই-বাছাই শেষে ৪৮১ জনের গেজেট, লাল মুক্তিবার্তা ও ভারতীয় তালিকা বাতিল করা হয়েছে। জামুকা গঠনের পর ১০৩টি সভার মাধ্যমে মোট ৬ হাজার ৪৬৫ জনের গেজেট বাতিলের সুপারিশ করা হয়েছে।








