নির্বাচনী ইশতেহারের প্রতিশ্রুতি বাস্তবায়ন শুরু হয়েছে: সংসদে প্রধানমন্ত্রী

নির্বাচনী প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ শুরু হয়েছে বলে জানিয়েছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। তিনি বলেন, দেশের জনগণ বিপুল ভোটে যে দলকে দায়িত্ব দিয়েছে, সেই দল জনগণ ও দেশের উন্নয়নের প্রতি অঙ্গীকারবদ্ধ। বুধবার (১৫ এপ্রিল) জাতীয় সংসদে এক প্রশ্নের লিখিত জবাবে তিনি এসব কথা বলেন।
বিজ্ঞাপন
প্রধানমন্ত্রী বলেন, নির্বাচনি ইশতেহারে শিল্প উদ্যোক্তাদের পাশাপাশি খেটে খাওয়া সাধারণ মানুষের জীবনমান উন্নয়নের বিষয়টিকে অগ্রাধিকার দেওয়া হয়েছে। সেই অনুযায়ী বিভিন্ন নীতি ও কর্মসূচি গ্রহণ করা হয়েছে এবং প্রতিশ্রুতি বাস্তবায়নের কাজ ইতোমধ্যে শুরু হয়েছে।
তিনি জানান, ইশতেহার বাস্তবায়নের জন্য সব মন্ত্রণালয় ও বিভাগ ১৮০ দিনের কর্মপরিকল্পনা অনুযায়ী কাজ করছে। এর অংশ হিসেবে কৃষক কার্ড চালুর পাইলট প্রকল্প শুরু হয়েছে। একই সঙ্গে অন্যান্য প্রতিশ্রুতিও ধাপে ধাপে বাস্তবায়ন করা হচ্ছে।
বিজ্ঞাপন
নারী উন্নয়ন প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, প্রান্তিক পর্যায়ের নারী প্রধান পরিবারগুলোকে অর্থনৈতিকভাবে স্বাবলম্বী করতে ফ্যামিলি কার্ড চালুর উদ্যোগ নেওয়া হয়েছে।
তিনি আরও বলেন, খাল খনন কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। এটি শুধু কৃষকদের জন্য নয়, বরং গ্রাম, শহর ও গঞ্জের সব শ্রেণি-পেশার মানুষের জন্য উপকার বয়ে আনবে, বিশেষ করে শ্রমজীবী মানুষের জীবনযাত্রায় ইতিবাচক পরিবর্তন আনবে।
পরিবেশ সুরক্ষা নিয়ে তিনি জানান, আগামী পাঁচ বছরে ২৫ কোটি বৃক্ষরোপণের লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এই কর্মসূচির মাধ্যমে পরিবেশ উন্নয়নের পাশাপাশি শ্রমজীবী মানুষের জন্য কর্মসংস্থানের সুযোগও তৈরি হবে।
বিজ্ঞাপন
ধর্মীয় ও সামাজিক অঙ্গনের প্রসঙ্গে প্রধানমন্ত্রী বলেন, মসজিদ-মাদরাসার ইমাম, খতিব, মুয়াজ্জিনসহ ধর্মীয় নেতাদের পাশাপাশি অন্যান্য ধর্মীয় প্রতিষ্ঠানের দায়িত্বশীলদেরও সম্মানী ও সহায়তা দেওয়ার উদ্যোগ নেওয়া হয়েছে।
এছাড়া পেশাদার খেলোয়াড় তৈরির লক্ষ্যে খেলাধুলা খাতে বিশেষ সহযোগিতা দেওয়া হচ্ছে বলে তিনি জানান। তিনি বলেন, খেটে খাওয়া পরিবারের অনেক সন্তানই খেলাধুলায় আগ্রহী। তাদের জন্য উপযুক্ত সুযোগ তৈরি করতেই এই উদ্যোগ নেওয়া হয়েছে।








