Logo

বিকেলে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৬, ১১:১৭
বিকেলে স্বাধীনতা পুরস্কার তুলে দেবেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের গৌরবোজ্জ্বল ও কৃতিত্বপূর্ণ অবদানের স্বীকৃতিস্বরূপ ‘স্বাধীনতা পুরস্কার-২০২৬’ প্রদান করবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। এ বছর ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এই রাষ্ট্রীয় সম্মাননা দেওয়া হচ্ছে।

বিজ্ঞাপন

প্রধানমন্ত্রীর কার্যালয় সূত্রে জানা গেছে, বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল ৪টায় রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তনে আয়োজিত অনুষ্ঠানে পুরস্কারপ্রাপ্তদের হাতে পদক তুলে দেবেন প্রধানমন্ত্রী।

এবার স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা ও দেশগঠনে অবদানের জন্য প্রয়াত প্রধানমন্ত্রী খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়েছে। পাশাপাশি আরও ১৪ জন বিশিষ্ট ব্যক্তিকেও বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতিস্বরূপ এ পুরস্কার দেওয়ার সিদ্ধান্ত নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

অন্যান্য মনোনীতদের মধ্যে রয়েছেন— মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর) ও মো. সাইদুল হক।

এছাড়া রাজধানীর একটি শিক্ষাপ্রতিষ্ঠানে যুদ্ধবিমান দুর্ঘটনায় নিহত শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার (মুকিত মজুমদার বাবু) এ সম্মাননা পাচ্ছেন।

প্রতিষ্ঠান ক্যাটাগরিতে মনোনীত হয়েছে— ফৌজদারহাট ক্যাডেট কলেজ (মুক্তিযুদ্ধ), ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল (চিকিৎসা), পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন-পিকেএসএফ (পল্লী উন্নয়ন), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ (সমাজসেবা) এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

বিজ্ঞাপন

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা। ১৯৭৭ সাল থেকে প্রতিবছর স্বাধীনতা দিবস উপলক্ষে বিভিন্ন ক্ষেত্রে বিশেষ অবদানের জন্য ব্যক্তি ও প্রতিষ্ঠানকে এ পুরস্কার প্রদান করা হয়ে আসছে।

পুরস্কারপ্রাপ্তরা নগদ ৫ লাখ টাকা, ১৮ ক্যারেট মানের ৫০ গ্রাম ওজনের স্বর্ণপদক, পদকের একটি প্রতিরূপ এবং সম্মাননাপত্র পাবেন।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD