Logo

খালেদা জিয়ার স্বাধীনতা পদক গ্রহণ করলেন জাইমা রহমান

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৬ এপ্রিল, ২০২৬, ১৬:৫৫
খালেদা জিয়ার স্বাধীনতা পদক গ্রহণ করলেন জাইমা রহমান
ছবি: সংগৃহীত

প্রয়াত বিএনপি চেয়ারপারসন ও সাবেক প্রধানমন্ত্রী খালেদা জিয়া-এর পক্ষে মরণোত্তর স্বাধীনতা পুরস্কার গ্রহণ করেছেন তার নাতনি জাইমা রহমান। বৃহস্পতিবার (১৬ এপ্রিল) বিকেল সাড়ে ৪টার দিকে রাজধানীর ওসমানী স্মৃতি মিলনায়তন-এ আয়োজিত অনুষ্ঠানে প্রধানমন্ত্রী তারেক রহমান-এর হাত থেকে তিনি এ সম্মাননা গ্রহণ করেন।

বিজ্ঞাপন

এর আগে বিকেল ৪টায় শুরু হয় রাষ্ট্রীয় এই পুরস্কার প্রদান অনুষ্ঠান। অনুষ্ঠানে বিভিন্ন ক্ষেত্রে অবদানের স্বীকৃতি পাওয়া ব্যক্তি ও প্রতিষ্ঠানের প্রতিনিধিদের পাশাপাশি মন্ত্রিসভার সদস্য, সামরিক ও বেসামরিক উচ্চপদস্থ কর্মকর্তা এবং আমন্ত্রিত অতিথিরা উপস্থিত ছিলেন।

চলতি বছরে স্বাধীনতা, গণতন্ত্র, নারী শিক্ষা এবং সামগ্রিক রাষ্ট্রগঠনে অবদানের জন্য খালেদা জিয়াকে স্বাধীনতা পুরস্কারের জন্য মনোনীত করা হয়। তার পাশাপাশি আরও ১৫ জন বিশিষ্ট ব্যক্তি ও ৫টি প্রতিষ্ঠানকে এই পদক দেওয়ার সিদ্ধান্ত নেয় সরকার।

বিজ্ঞাপন

অন্য মনোনীতদের মধ্যে রয়েছেন মুক্তিযুদ্ধে অবদানের জন্য মেজর মোহাম্মদ আবদুল জলিল (মরণোত্তর), বিজ্ঞান ও প্রযুক্তিতে অধ্যাপক জহুরুল করিম, সাহিত্যে আশরাফ সিদ্দিকী (মরণোত্তর), সংস্কৃতিতে হানিফ সংকেত, সংগীতে বশীর আহমেদ (মরণোত্তর), ক্রীড়ায় জোবেরা রহমান (লিনু), সমাজসেবায় ডা. জাফরুল্লাহ চৌধুরী (মরণোত্তর), মো. সাইদুল হক, মাইলস্টোন স্কুল অ্যান্ড কলেজের শিক্ষক মাহেরীন চৌধুরী (মরণোত্তর), জনপ্রশাসনে কাজী ফজলুর রহমান (মরণোত্তর), গবেষণা ও প্রশিক্ষণে মোহাম্মদ আবদুল বাকী, অধ্যাপক এম এ রহিম ও অধ্যাপক ড. সুকোমল বড়ুয়া এবং পরিবেশ সংরক্ষণে আবদুল মুকিত মজুমদার।

এছাড়া প্রতিষ্ঠান ক্যাটাগরিতে মনোনীত হয়েছে ফৌজদারহাট ক্যাডেট কলেজ, ঢাকা মেডিকেল কলেজ হাসপাতাল, পল্লী কর্ম-সহায়ক ফাউন্ডেশন (পিকেএসএফ), এসওএস চিলড্রেনস ভিলেজ ইন্টারন্যাশনাল ইন বাংলাদেশ এবং গণস্বাস্থ্য কেন্দ্র।

বিজ্ঞাপন

স্বাধীনতা পুরস্কার দেশের সর্বোচ্চ রাষ্ট্রীয় সম্মাননা হিসেবে বিবেচিত। স্বাধীনতা ও মুক্তিযুদ্ধসহ বিভিন্ন ক্ষেত্রে অসামান্য অবদানের স্বীকৃতি হিসেবে প্রতিবছর এ পুরস্কার প্রদান করা হয়।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD