Logo

সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৪৮ হাজার বাংলাদেশি হজযাত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
৭ মে, ২০২৬, ১২:৫৮
সৌদি আরবে পৌঁছেছেন প্রায় ৪৮ হাজার বাংলাদেশি হজযাত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ১২২টি ফ্লাইটে ৪৭ হাজার ৮৫২ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এর মধ্যে সরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪ হাজার ৭১ জন এবং বেসরকারি ব্যবস্থাপনায় গেছেন ৪৩ হাজার ৭৮১ জন। এছাড়া এখন পর্যন্ত হজ পালন করতে গিয়ে ১০ বাংলাদেশির মৃত্যু হয়েছে।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (৭ মে) সকালে প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়।

হজ বুলেটিনে বলা হয়েছে, ১০ জন মৃতদের মধ্যে মক্কায় ৮ জন ও মদিনায় ২ জন মারা গেছেন। মারা যাওয়াদের মধ্যে মহিলা রয়েছেন দুইজন।

বিজ্ঞাপন

বুলেটিনের তথ্য অনুযায়ী, বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৬টি ফ্লাইটে সৌদি আরবে গেছেন ২২ হাজার ৪৫৮ জন হজযাত্রী। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৫টি ফ্লাইটে গেছেন ১৬ হাজার ৯০০ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২১টি ফ্লাইটে পৌঁছেছেন আরও ৮ হাজার ৪৯৪ জন যাত্রী।

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন।

৬৬০টি এজেন্সি এ কার্যক্রম পরিচালনা করছে, যার মধ্যে ৩০টি প্রধান ও ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

বিজ্ঞাপন

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে ৪১৯ জন হজযাত্রী নিয়ে প্রথম হজ ফ্লাইট (বিজি৩০০১) জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে ছেড়ে যায়। ফ্লাইটটির উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিসের তথ্য অনুযায়ী, মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ও ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজ পালন করবেন।

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে, আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হবে বলে আশা করা হচ্ছে। হজ পালন শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আগামী ৩০ জুন শেষ ফ্লাইটটি ঢাকার উদ্দেশে রওনা হবে। 

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD