Logo

সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার বাংলাদেশি হজযাত্রী

profile picture
জনবাণী ডেস্ক
৯ মে, ২০২৬, ১১:৩২
সৌদি আরবে পৌঁছেছেন ৫০ হাজার বাংলাদেশি হজযাত্রী
ছবি: সংগৃহীত

পবিত্র হজ পালনের উদ্দেশ্যে বাংলাদেশ থেকে এ পর্যন্ত ৫০ হাজারের বেশি হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনায় যাত্রা করা এসব হজযাত্রী বিভিন্ন এয়ারলাইনসের ফ্লাইটে সৌদিতে পৌঁছান।

বিজ্ঞাপন

শনিবার (৯ মে) প্রকাশিত হজ সম্পর্কিত সর্বশেষ বুলেটিনে এ তথ্য জানানো হয়েছে। এয়ারলাইনস, সিভিল এভিয়েশন অথরিটি অব বাংলাদেশ (সিএএবি), বাংলাদেশ হজ অফিস ঢাকা এবং সৌদি আরবের সংশ্লিষ্ট সূত্রের তথ্যের ভিত্তিতে হেল্প ডেস্ক এ পরিসংখ্যান প্রকাশ করে।

বুলেটিন অনুযায়ী, শুক্রবার দিবাগত রাত ২টা ৫৯ মিনিট পর্যন্ত মোট ৫০ হাজার ৯৬ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। তাদের বহনে পরিচালিত হয়েছে সরকারি ও বেসরকারি ব্যবস্থাপনার মোট ১২৮টি ফ্লাইট।

বিজ্ঞাপন

এর মধ্যে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের ৫৯টি ফ্লাইটে ২৩ হাজার ৫৯১ জন হজযাত্রী সৌদি আরবে পৌঁছেছেন। এছাড়া সৌদি এয়ারলাইনসের ৪৭টি ফ্লাইটে গেছেন ১৭ হাজার ৬৪৬ জন এবং ফ্লাইনাস এয়ারলাইনসের ২২টি ফ্লাইটে পৌঁছেছেন আরও ৮ হাজার ৮৮৯ জন হজযাত্রী।

হজ অফিসের তথ্য অনুযায়ী, সৌদি আরবে পৌঁছানো হজযাত্রীদের মধ্যে ৪ হাজার ৭১ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৪৬ হাজার ২৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় হজে গেছেন।

বিজ্ঞাপন

চলতি বছর বাংলাদেশ থেকে মোট ৭৮ হাজার ৫০০ জন হজ পালনের অনুমতি পেয়েছেন। তাদের হজ কার্যক্রম পরিচালনার জন্য কাজ করছে ৬৬০টি হজ এজেন্সি। এর মধ্যে ৩০টি প্রধান এজেন্সি এবং ৬৩০টি সমন্বয়কারী এজেন্সি রয়েছে।

গত ১৭ এপ্রিল রাত ১১টা ৫৭ মিনিটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে প্রথম হজ ফ্লাইট সৌদি আরবের উদ্দেশে ছেড়ে যায়। বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-৩০০১ ফ্লাইটে ৪১৯ জন হজযাত্রী জেদ্দার কিং আব্দুল আজিজ আন্তর্জাতিক বিমানবন্দরের উদ্দেশে রওনা হন। ফ্লাইটটির আনুষ্ঠানিক উদ্বোধন করেন প্রধানমন্ত্রী তারেক রহমান।

হজ অফিস আরও জানিয়েছে, এ বছর মোট হজযাত্রীর মধ্যে ৪ হাজার ৫৬৫ জন সরকারি ব্যবস্থাপনায় এবং ৭৩ হাজার ৯৩৫ জন বেসরকারি ব্যবস্থাপনায় পবিত্র হজ পালন করবেন।

বিজ্ঞাপন

চাঁদ দেখা সাপেক্ষে আগামী ২৬ মে সৌদি আরবে পবিত্র হজ অনুষ্ঠিত হওয়ার সম্ভাবনা রয়েছে। হজ শেষে আগামী ৩০ মে জেদ্দা থেকে ফিরতি ফ্লাইট শুরু হবে। আর আগামী ৩০ জুন শেষ ফিরতি ফ্লাইটটি বাংলাদেশের উদ্দেশে রওনা হওয়ার কথা রয়েছে।

জেবি/এসডি

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD