বিতর্কের মুখে স্থগিত পুলিশ পদক প্রদান

‘আমার পুলিশ, আমার দেশ, সবার আগে বাংলাদেশ’—এই প্রতিপাদ্যকে সামনে রেখে আজ রবিবার (১০ মে) শুরু হচ্ছে চারদিনব্যাপী পুলিশ সপ্তাহ ২০২৬। রাজধানীর রাজারবাগ পুলিশ লাইনস মাঠে বার্ষিক পুলিশ প্যারেডের মাধ্যমে এ আয়োজনের উদ্বোধন করা হবে।
বিজ্ঞাপন
এবারের পুলিশ সপ্তাহে প্রথমবারের মতো প্রধানমন্ত্রী হিসেবে উদ্বোধনী অনুষ্ঠানে অংশ নেন তারেক রহমান। সকাল ৯টায় তিনি আনুষ্ঠানিকভাবে আয়োজনের উদ্বোধন করেন।
তবে পুলিশ বাহিনীর সবচেয়ে বড় এই বার্ষিক আয়োজন শুরুর আগেই এসেছে বড় ধরনের পরিবর্তনের খবর। কৃতিত্বপূর্ণ ও সাহসী অবদানের স্বীকৃতিস্বরূপ প্রতিবছর প্রদান করা বাংলাদেশ পুলিশ পদক (বিপিএম) এবং রাষ্ট্রপতির পুলিশ পদক (পিপিএম) এবার স্থগিত করা হয়েছে।
আরও পড়ুন: আজ বিশ্ব মা দিবস
বিজ্ঞাপন
সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে, চলতি বছরে বিভিন্ন ক্যাটাগরিতে মোট ১০৯ জন পুলিশ সদস্যকে পদকের জন্য প্রাথমিকভাবে মনোনয়ন দেওয়া হয়েছিল। তবে পুলিশ সদর দপ্তর থেকে পাঠানো তালিকায় স্বচ্ছতার ঘাটতি এবং বিতর্কিত কয়েকজন কর্মকর্তার নাম অন্তর্ভুক্ত থাকায় স্বরাষ্ট্র মন্ত্রণালয় শেষ মুহূর্তে পদক প্রদান কার্যক্রম স্থগিত করার সিদ্ধান্ত নেয়।
অভিযোগ রয়েছে, মনোনীতদের তালিকায় এমন অন্তত ১১ জন কর্মকর্তা ছিলেন যারা আগের সরকার আমলেও একই ধরনের পদক পেয়েছিলেন। এছাড়া একজন কর্মকর্তার নাম দুইবার অন্তর্ভুক্ত হওয়ার তথ্যও সামনে এসেছে। এসব বিষয় নিয়ে পুলিশ বাহিনীর ভেতরে অসন্তোষ ও সমালোচনা তৈরি হয় বলে জানা গেছে।
পদক প্রদান স্থগিতের বিষয়টি নিশ্চিত করেছেন পুলিশ সদর দপ্তরের অতিরিক্ত আইজিপি (অপরাধ ও অপস) খন্দকার রফিকুল ইসলাম। তিনি জানান, পুলিশ সপ্তাহের প্রথম দিন পদক বিতরণের পরিকল্পনা থাকলেও আপাতত তা হচ্ছে না। পরবর্তীতে এ বিষয়ে সিদ্ধান্ত নেওয়া হবে।
বিজ্ঞাপন
এদিকে সরকারি ব্যয়সংকোচন নীতির কারণে এবারের পুলিশ সপ্তাহ সাত দিনের পরিবর্তে চার দিনে সীমিত করা হয়েছে। আগামী ১৩ মে আয়োজনের সমাপ্তি হবে।
বার্ষিক প্যারেডে নেতৃত্ব দিচ্ছেন ঢাকা মহানগর পুলিশের উপকমিশনার হাসান মোহাম্মদ নাছের রিকাবদার। পুলিশ সপ্তাহ উপলক্ষে পৃথক বাণী দিয়েছেন রাষ্ট্রপতি মো. সাহাবুদ্দিন, প্রধানমন্ত্রী তারেক রহমান এবং স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ।
বিজ্ঞাপন
চার দিনের কর্মসূচিতে থাকছে পুনাক স্টল পরিদর্শন, প্রধানমন্ত্রীর অংশগ্রহণে কল্যাণ প্যারেড, ঊর্ধ্বতন কর্মকর্তাদের উদ্দেশে দিকনির্দেশনামূলক বক্তব্য, আইজিপি ব্যাজ প্রদান এবং মাদক ও অস্ত্র উদ্ধারে বিশেষ অবদানের জন্য পুরস্কার বিতরণ অনুষ্ঠান।
এছাড়া বিভিন্ন কর্ম-অধিবেশনে গত বছরের কার্যক্রম পর্যালোচনা এবং আগামী দিনের কর্মপরিকল্পনা নির্ধারণ করা হবে। একই সঙ্গে পুলিশ সদস্যদের বিভিন্ন মৌলিক দাবি ও সুযোগ-সুবিধার বিষয়ও প্রধানমন্ত্রীর কাছে তুলে ধরা হতে পারে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।








