ঈদুল আজহায় টানা ৭ দিনের ছুটি, এখনও হয়নি সরকারি প্রজ্ঞাপন

পবিত্র ঈদুল আজহা উপলক্ষে সরকারি কর্মকর্তা-কর্মচারীদের জন্য টানা সাত দিনের ছুটির সিদ্ধান্ত নিয়েছে সরকার। তবে ছুটির বিষয়ে মন্ত্রিসভার অনুমোদন মিললেও এখনো আনুষ্ঠানিক প্রজ্ঞাপন জারি করা হয়নি।
বিজ্ঞাপন
গত বৃহস্পতিবার (৭ মে) অনুষ্ঠিত মন্ত্রিসভার বৈঠকে ঈদের ছুটি সংক্রান্ত এ সিদ্ধান্ত নেওয়া হয়। পরে মন্ত্রিপরিষদ বিভাগ এক সংবাদ বিজ্ঞপ্তির মাধ্যমে বিষয়টি নিশ্চিত করে। তবে রবিবার (১০ মে) বিকেল পর্যন্ত এ বিষয়ে কোনো সরকারি প্রজ্ঞাপন প্রকাশ হয়নি বলে জানা গেছে।
মন্ত্রিসভার সিদ্ধান্ত অনুযায়ী, আগামী ২৫ মে থেকে ৩১ মে পর্যন্ত সরকারি ছুটি থাকবে। ফলে ঈদুল আজহা ঘিরে টানা সাত দিনের অবকাশ পাচ্ছেন সরকারি চাকরিজীবীরা।
বিজ্ঞাপন
দীর্ঘ এই ছুটির সমন্বয় করতে সরকার সাপ্তাহিক ছুটির দিনেও অফিস খোলা রাখার সিদ্ধান্ত নিয়েছে। সে অনুযায়ী, ঈদের আগের শনিবার অর্থাৎ ২৩ মে সাপ্তাহিক ছুটি বাতিল করা হয়েছে। পাশাপাশি ২৪ মে-ও সরকারি অফিস-আদালত স্বাভাবিক নিয়মে খোলা থাকবে।
সরকারি ছুটির তালিকা অনুযায়ী, ২৮ মে পবিত্র ঈদুল আজহার সাধারণ ছুটি নির্ধারিত রয়েছে। এছাড়া ঈদের আগে ২৬ ও ২৭ মে এবং ঈদের পর ২৯, ৩০ ও ৩১ মে নির্বাহী আদেশে অতিরিক্ত ছুটি ঘোষণা করা হয়েছে। সব মিলিয়ে মোট সাত দিনের টানা ছুটির সুযোগ তৈরি হয়েছে।
জনপ্রশাসন সংশ্লিষ্টরা বলছেন, ঈদকে কেন্দ্র করে রাজধানীসহ বিভিন্ন শহর থেকে মানুষ গ্রামের বাড়িতে যাওয়ায় দীর্ঘ ছুটি যাতায়াতের চাপ কিছুটা কমাতে সহায়ক হতে পারে। একই সঙ্গে সরকারি কর্মকর্তা-কর্মচারীরাও পরিবার নিয়ে স্বস্তিতে ঈদ উদযাপনের সুযোগ পাবেন।
বিজ্ঞাপন
তবে আনুষ্ঠানিক প্রজ্ঞাপন প্রকাশ না হওয়ায় অনেকের মধ্যেই এখনও কিছুটা অনিশ্চয়তা রয়েছে। সংশ্লিষ্ট সূত্রগুলো জানিয়েছে, খুব শিগগিরই জনপ্রশাসন মন্ত্রণালয় থেকে এ বিষয়ে প্রজ্ঞাপন জারি হতে পারে।
প্রতিবছর ঈদুল আজহা উপলক্ষে কয়েকদিনের ছুটি দেওয়া হলেও এবার টানা সাত দিনের ছুটি সরকারি চাকরিজীবীদের জন্য বাড়তি স্বস্তি এনে দেবে বলে মনে করছেন সংশ্লিষ্টরা।








