ফেনী ও পঞ্চগড়ের দুই আলোচিত পুলিশ সুপারকে প্রত্যাহার

সম্প্রতি ফেনী ও পঞ্চগড় জেলার পুলিশ সুপার (এসপি) হিসেবে দায়িত্ব পাওয়া দুই কর্মকর্তাকে প্রত্যাহার করেছে পুলিশ সদর দপ্তর। প্রত্যাহার হওয়া কর্মকর্তারা হলেন ফেনীর এসপি মোহাম্মদ মাহবুব আলম খান এবং পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমান।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) পুলিশ সদর দপ্তর সূত্রে জানা গেছে, গত শনিবার পুলিশ মহাপরিদর্শক (আইজিপি) মো. আলী হোসেন ফকির স্বাক্ষরিত পৃথক দুটি আদেশে তাদের প্রত্যাহার করা হয়।
আদেশ অনুযায়ী, চট্টগ্রাম মহানগর পুলিশের (সিএমপি) উপ-কমিশনার মাহবুব আলম খান, যিনি ফেনীর এসপি হিসেবে পদায়ন পেয়েছিলেন, তাকে ১০ মের মধ্যে পুলিশ সদর দপ্তরে যোগদানের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
অন্য আদেশে বলা হয়েছে, পঞ্চগড়ের এসপি মো. মিজানুর রহমানকে দায়িত্ব পরবর্তী জ্যেষ্ঠ কর্মকর্তার কাছে হস্তান্তর করে ১০ মের মধ্যে পুলিশ সদর দপ্তরে রিপোর্ট করতে হবে।
এর আগে, গত ৫ মে দেশের ১২ জেলার পুলিশ সুপার পদে রদবদল করা হয়।
ফেনীর এসপি হিসেবে মাহবুব আলম খানের পদায়নের পর সামাজিক যোগাযোগমাধ্যম ও বিভিন্ন গণমাধ্যমে তাকে নিয়ে আলোচনা শুরু হয়। তার বিরুদ্ধে প্রকাশিত কিছু প্রতিবেদনের পর বিষয়টি নিয়ে ব্যাপক সমালোচনা হয়।
বিজ্ঞাপন
এদিকে, দুই হত্যা মামলার আসামি উল্লেখ করে তার নিয়োগ চ্যালেঞ্জ করে গত ৭ মে হাইকোর্টে একটি রিট দায়ের করা হয়। রিটে তার নিয়োগ বাতিল, সাময়িক বরখাস্ত এবং নিরপেক্ষ তদন্তের নির্দেশনা চাওয়া হয়।
সুপ্রিম কোর্টের আপিল বিভাগের আইনজীবী ও ন্যাশনাল ল’ ইয়ার্স কাউন্সিলের চেয়ারম্যান অ্যাডভোকেট এস এম জুলফিকার আলী জুনু জনস্বার্থে এই রিট দায়ের করেন।








