দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণ নিয়ে এগোচ্ছে সরকার: সেতুমন্ত্রী

সরকার দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের উদ্যোগ নিয়ে এগোচ্ছে বলে জানিয়েছেন সড়ক পরিবহন ও সেতুমন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, সম্ভাব্যতা যাচাই বা ফিজিবিলিটি স্টাডি ইতোমধ্যে শেষ হয়েছে এবং এখন অর্থায়নের বিষয় নিয়ে বিভিন্ন পর্যায়ে আলোচনা চলছে। পাশাপাশি প্রয়োজনীয় প্রাক-প্রস্তুতির কাজও এগিয়ে নেওয়া হচ্ছে।
বিজ্ঞাপন
সোমবার (১১ মে) সচিবালয়ে আসন্ন ঈদুল আজহা উপলক্ষে নিরাপদ ঈদযাত্রা নিশ্চিত করতে আয়োজিত প্রস্তুতি সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।
দৌলতদিয়া-পাটুরিয়া নৌরুটে দ্বিতীয় পদ্মা সেতু নির্মাণের সম্ভাবনা নিয়ে প্রশ্ন করা হলে মন্ত্রী জানান, এ প্রকল্পের জন্য তিনটি প্রস্তাব বিবেচনায় রয়েছে। এর মধ্যে দৌলতদিয়া-পাটুরিয়া রুটও অন্যতম। তিনি বলেন, সরকার এখন দ্বিতীয় পদ্মা সেতু বাস্তবায়নের দিকেই অগ্রসর হচ্ছে।
বিজ্ঞাপন
মন্ত্রী আরও জানান, নতুন সেতু নির্মিত হলে দক্ষিণ-পশ্চিমাঞ্চলের যাতায়াত ব্যবস্থায় বড় ধরনের পরিবর্তন আসবে এবং সড়ক দুর্ঘটনা কমাতেও এটি গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।
ঈদযাত্রা ঘিরে নৌপথে অতিরিক্ত নিরাপত্তা ব্যবস্থার কথাও তুলে ধরেন সেতুমন্ত্রী। তিনি বলেন, সম্প্রতি আরিচা ঘাট এলাকায় একটি বাস নদীতে পড়ে যাওয়ার ঘটনার তদন্তে গাড়ির ব্রেক ত্রুটির বিষয়টি সামনে এসেছে। এমন দুর্ঘটনা প্রতিরোধে এবার ফেরিতে গাড়ি ওঠানামার ক্ষেত্রে নতুন ব্যারিকেড ব্যবস্থা চালু করা হচ্ছে। এর ফলে ফেরি সম্পূর্ণ খালি হওয়ার আগে নতুন কোনো যানবাহন প্রবেশ করতে পারবে না।
বিজ্ঞাপন
সদরঘাট কেন্দ্রিক নৌযান চলাচলেও নতুন নিয়ম চালুর কথা জানান তিনি। এখন থেকে স্পিডবোটের যাত্রীরা সরাসরি লঞ্চে উঠতে পারবেন না। তাদের নির্ধারিত পন্টুন ব্যবহার করতে হবে। এ জন্য নতুন সংযোগ সেতুও নির্মাণ করা হয়েছে বলে জানান মন্ত্রী।
তিনি বলেন, এবার ঈদ উপলক্ষে দেড় কোটির বেশি মানুষের যাতায়াত এবং প্রায় এক কোটি কোরবানির পশু পরিবহনকে কেন্দ্র করে সার্বিক ব্যবস্থাপনা অত্যন্ত চ্যালেঞ্জিং হয়ে উঠবে। তবে সংশ্লিষ্ট সব সংস্থা সমন্বিতভাবে কাজ করলে ভোগান্তি ও দুর্ঘটনা উল্লেখযোগ্যভাবে কমিয়ে আনা সম্ভব হবে বলে আশাবাদ ব্যক্ত করেন তিনি।








