ইসরায়েলি হামলায় দুই বাংলাদেশির মৃত্যু, ঢাকার তীব্র প্রতিবাদ

লেবাননের দক্ষিণাঞ্চলে ইসরায়েলি ড্রোন হামলায় দুই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় গভীর উদ্বেগ ও তীব্র নিন্দা জানিয়েছে বাংলাদেশ সরকার। একই সঙ্গে নিহতদের পরিবারের প্রতি শোক ও সমবেদনা প্রকাশ করা হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (১২ মে) এক বিবৃতিতে এ প্রতিক্রিয়া জানায় পররাষ্ট্র মন্ত্রণালয়।
বিবৃতিতে বলা হয়, সোমবার দক্ষিণ লেবাননে ইসরায়েলি বাহিনীর চালানো হামলায় প্রাণ হারান দুই বাংলাদেশি কর্মী। নিহতরা হলেন সাতক্ষীরার শফিকুল ইসলাম এবং মো. নাহিদুল ইসলাম নাহিদ। এ ঘটনাকে মর্মান্তিক উল্লেখ করে সরকার তাদের পরিবারের প্রতি গভীর সমবেদনা জানিয়েছে।
বিজ্ঞাপন
সরকার জানিয়েছে, বাংলাদেশ দূতাবাস লেবানন ইতোমধ্যে স্থানীয় প্রশাসনের সঙ্গে যোগাযোগ রেখে মরদেহ দেশে পাঠানোর প্রয়োজনীয় প্রক্রিয়া সম্পন্ন করতে কাজ শুরু করেছে। একই সঙ্গে দূতাবাস নিহতদের পরিবারের সদস্যদের সঙ্গেও নিয়মিত যোগাযোগ বজায় রাখছে।
বিবৃতিতে মধ্যপ্রাচ্যের চলমান সহিংস পরিস্থিতি নিয়েও উদ্বেগ প্রকাশ করা হয়। বাংলাদেশ বলেছে, এই অঞ্চলে সংঘাত ও বেসামরিক মানুষের প্রাণহানি ক্রমেই উদ্বেগজনক হয়ে উঠছে। এ পরিস্থিতিতে সব পক্ষকে সর্বোচ্চ সংযম প্রদর্শন এবং আন্তর্জাতিক মানবিক আইন মেনে চলার আহ্বান জানিয়েছে ঢাকা।
বিজ্ঞাপন
পররাষ্ট্র মন্ত্রণালয় আরও উল্লেখ করে, নিরীহ মানুষের নিরাপত্তা নিশ্চিত করা আন্তর্জাতিক সম্প্রদায়ের দায়িত্ব এবং চলমান সহিংসতা বন্ধে কার্যকর উদ্যোগ প্রয়োজন।
দক্ষিণ লেবাননে সাম্প্রতিক সময়ে ইসরায়েলি হামলা ও পাল্টা উত্তেজনার কারণে নিরাপত্তা পরিস্থিতি ক্রমেই জটিল হয়ে উঠছে। এর মধ্যেই বাংলাদেশি নাগরিক নিহত হওয়ার ঘটনায় প্রবাসী বাংলাদেশিদের পরিবারে উদ্বেগ ছড়িয়ে পড়েছে।








