Logo

কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা করবে সরকার

profile picture
নিজস্ব প্রতিবেদক
১২ মে, ২০২৬, ১৯:৩৩
কাঁটাতার ইস্যুতে ভারতের সঙ্গে কূটনৈতিক আলোচনা করবে সরকার
ছবি: সংগৃহীত

সীমান্ত এলাকায় কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে ভারতের সঙ্গে কূটনৈতিক পর্যায়ে আলোচনা করা হবে বলে জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, সীমান্ত নিরাপত্তা নিশ্চিত করা এবং কোনো ধরনের ‘পুশ-ইন’ ঠেকানোই এখন সরকারের প্রধান উদ্বেগের বিষয়।

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) আসন্ন পবিত্র ঈদুল আজহা উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি পর্যালোচনা সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এসব কথা বলেন।

স্বরাষ্ট্রমন্ত্রী জানান, সীমান্ত পরিস্থিতি নিয়ে সরকার সতর্ক অবস্থানে রয়েছে। বিশেষ করে সীমান্ত দিয়ে যাতে অবৈধভাবে কাউকে বাংলাদেশে ঠেলে পাঠানো না হয়, সে বিষয়ে বর্ডার গার্ড বাংলাদেশকে (বিজিবি) প্রয়োজনীয় নির্দেশনা দেওয়া হয়েছে। সীমান্তে যেকোনো অস্বাভাবিক পরিস্থিতি মোকাবিলায় বিজিবিকে সর্বোচ্চ সতর্ক থাকতে বলা হয়েছে বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

তিনি বলেন, কাঁটাতারের বেড়া সংক্রান্ত বিষয়টি দুই দেশের সম্পর্কের সঙ্গে জড়িত। তাই এ বিষয়ে সরাসরি উত্তেজনা না বাড়িয়ে কূটনৈতিকভাবে ভারতের কেন্দ্রীয় সরকারের সঙ্গে আলোচনা করা হবে। সীমান্তে স্থিতিশীলতা বজায় রাখতে পারস্পরিক সহযোগিতা জরুরি বলেও মন্তব্য করেন তিনি।

এদিকে ঈদুল আজহা সামনে রেখে সারা দেশে নিরাপত্তা জোরদারের বিষয়েও বিভিন্ন নির্দেশনার কথা তুলে ধরেন স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, পশুর হাটগুলোতে পর্যাপ্ত নিরাপত্তা নিশ্চিত করতে আইনশৃঙ্খলা বাহিনীকে নির্দেশ দেওয়া হয়েছে। গুরুত্বপূর্ণ হাটগুলোতে সিসিটিভি ক্যামেরা স্থাপনসহ বিশেষ নজরদারির ব্যবস্থা রাখা হবে।

কুরবানির পশুবাহী ট্রাক ও যানবাহনে চাঁদাবাজি বন্ধে কঠোর পদক্ষেপ নেওয়ার কথাও জানান তিনি। এ ধরনের অভিযোগ পেলে তাৎক্ষণিক ব্যবস্থা নিতে একটি হটলাইন চালু থাকবে বলে জানান মন্ত্রী। চাঁদাবাজি বা হয়রানির ঘটনা ঘটলে সাধারণ মানুষকে ১৬৬১১৩ নম্বরে ফোন করে অভিযোগ জানানোর আহ্বান জানান তিনি।

বিজ্ঞাপন

সালাহউদ্দিন আহমদ বলেন, ঈদের আগে সাত দিন এবং ঈদের পর সাত দিন বিশেষ মনিটরিং সেল কাজ করবে। ওই সেল থেকে সার্বিক পরিস্থিতি পর্যবেক্ষণ করা হবে এবং প্রয়োজন অনুযায়ী ব্যবস্থা নেওয়া হবে।

তিনি আরও জানান, রাজধানীতে এবার উত্তর সিটি করপোরেশন এলাকায় ১৫টি এবং দক্ষিণ সিটি করপোরেশন এলাকায় ১১টি পশুর হাট বসবে। এসব হাটে নিরাপত্তা, যান চলাচল ও স্বাস্থ্যবিধি নিশ্চিত করতে সংশ্লিষ্ট সংস্থাগুলোকে সমন্বিতভাবে কাজ করার নির্দেশ দেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

পশুর চামড়া সংরক্ষণ নিয়েও সরকার বিশেষ উদ্যোগ নিয়েছে বলে জানান স্বরাষ্ট্রমন্ত্রী। তিনি বলেন, কুরবানির পর চামড়া নষ্ট হওয়া ঠেকাতে সরকার বিনামূল্যে লবণ সরবরাহ করবে। এ উদ্দেশ্যে ইতোমধ্যে ২০ কোটি টাকা বরাদ্দ দেওয়া হয়েছে।

ঈদ উপলক্ষে আইন-শৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখতে সরকার সব ধরনের প্রস্তুতি গ্রহণ করেছে উল্লেখ করে তিনি বলেন, জনগণের নিরাপত্তা নিশ্চিত করতে প্রশাসন ও আইনশৃঙ্খলা বাহিনী মাঠে সক্রিয় থাকবে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD