Logo

নিজস্ব সম্পদ থাকতে কেন জ্বালানি আমদানি করব: জ্বালানি মন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
দিনাজপুর
১২ মে, ২০২৬, ২০:৫৭
নিজস্ব সম্পদ থাকতে কেন জ্বালানি আমদানি করব: জ্বালানি মন্ত্রী
ছবি: সংগৃহীত

দেশের নিজস্ব জ্বালানি সম্পদ থাকা সত্ত্বেও বিদেশ থেকে জ্বালানি আমদানির যৌক্তিকতা নিয়ে প্রশ্ন তুলেছেন বিদ্যুৎ, জ্বালানি ও খনিজ সম্পদ মন্ত্রী ইকবাল হাসান মাহমুদ টুকু। তিনি বলেছেন, দেশের নিজস্ব সম্পদ থাকা সত্ত্বেও কেন আমরা বিদেশ থেকে জ্বালানি আমদানি করব?

বিজ্ঞাপন

মঙ্গলবার (১২ মে) দিনাজপুরের বড়পুকুরিয়া কয়লা খনি পরিদর্শন শেষে কর্মকর্তাদের সঙ্গে মতবিনিময়কালে সাংবাদিকদের কাছে তিনি এসব কথা বলেন।

মন্ত্রী বলেন, বর্তমান সরকার জনগণের ভোটে নির্বাচিত এবং প্রধানমন্ত্রী সবসময় জনগণের স্বার্থকে অগ্রাধিকার দেন। দেশের প্রাকৃতিক ও জ্বালানি সম্পদ যথাযথভাবে কাজে লাগিয়ে দেশের উন্নয়ন ও মানুষের কল্যাণ নিশ্চিত করাই সরকারের মূল লক্ষ্য বলে উল্লেখ করেন তিনি।

বিজ্ঞাপন

ইকবাল হাসান মাহমুদ টুকু অভিযোগ করে বলেন, গত ১৭ বছর ধরে দেশে ক্ষমতায় থাকা ফ্যাসিস্ট সরকার দেশীয় সম্পদের উন্নয়ন ও ব্যবহারকে গুরুত্ব না দিয়ে বিদেশি জ্বালানি আমদানির ওপর নির্ভরতা বাড়িয়েছে। এর ফলে দেশের নিজস্ব সম্ভাবনা যথাযথভাবে কাজে লাগানো হয়নি বলেও মন্তব্য করেন তিনি।

তিনি আরও বলেন, সরকার এখন দেশীয় জ্বালানি সম্পদ আহরণ ও ব্যবহারে সর্বোচ্চ গুরুত্ব দিচ্ছে। এ বিষয়ে সংশ্লিষ্ট সব পক্ষের মতামত নিয়ে সমন্বিত উদ্যোগ বাস্তবায়ন করা হচ্ছে। সবাইকে সম্পৃক্ত করে দেশের জ্বালানি খাতকে আরও শক্তিশালী ও স্বনির্ভর করার পরিকল্পনা রয়েছে বলেও জানান মন্ত্রী।

এর আগে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র এবং মধ্যপাড়া পাথর খনির কর্মকর্তাদের সঙ্গে পৃথক বৈঠকে অংশ নেন। সেখানে চলমান কার্যক্রম, উৎপাদন পরিস্থিতি এবং ভবিষ্যৎ পরিকল্পনা নিয়ে আলোচনা হয়।

বিজ্ঞাপন

পরিদর্শন ও সভায় উপস্থিত ছিলেন ডা. এ জেড এম জাহিদ হোসেন, অনিন্দ্য ইসলাম অমিত, আখতারুজ্জামান মিয়া, সাদিক রিয়াজ চৌধুরী পিনাক, সৈয়দ জাহাঙ্গীর আলম এবং এ জেড এম রেজওয়ানুল হক।

সভা শেষে মন্ত্রী বড়পুকুরিয়া তাপবিদ্যুৎ কেন্দ্র ও মধ্যপাড়া পাথর খনির বিভিন্ন স্থাপনা ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট কর্মকর্তাদের কাছ থেকে উৎপাদন ও পরিচালনাসংক্রান্ত হালনাগাদ তথ্য নেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD