প্রশাসনে বড় রদবদল: ৭ গুরুত্বপূর্ণ দপ্তরের শীর্ষ পদে পরিবর্তন

প্রশাসনিক কার্যক্রমে গতি আনা এবং জনসেবার মান আরও উন্নত করার লক্ষ্যে সরকারের সাতটি গুরুত্বপূর্ণ দপ্তর ও প্রতিষ্ঠানের শীর্ষ পর্যায়ে ব্যাপক রদবদল আনা হয়েছে। এ লক্ষ্যে জনপ্রশাসন মন্ত্রণালয় ও সংশ্লিষ্ট বিভাগ পৃথক প্রজ্ঞাপন জারি করে কয়েকজন কর্মকর্তাকে নতুন দায়িত্বে পদায়ন ও বদলি করেছে।
বিজ্ঞাপন
সরকারি সিদ্ধান্ত অনুযায়ী, বিভিন্ন মন্ত্রণালয়, বিভাগ ও মাঠ প্রশাসনে কর্মরত কর্মকর্তাদের নতুন দায়িত্ব প্রদান করা হয়েছে। সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে, প্রশাসনিক কার্যক্রমকে আরও কার্যকর ও সমন্বিত করতে এই পদক্ষেপ নেওয়া হয়েছে।
আর্থিক প্রতিষ্ঠান বিভাগে সংযুক্ত যুগ্মসচিব মোহাম্মদ হেলাল উদ্দিনকে প্রেষণে প্রধানমন্ত্রীর কার্যালয়ের মহাপরিচালক হিসেবে নিয়োগ দেওয়া হয়েছে। জারি করা প্রজ্ঞাপনে তাকে আগামী ১৮ মে’র মধ্যে বর্তমান কর্মস্থল থেকে অবমুক্ত হয়ে নতুন দায়িত্ব গ্রহণের নির্দেশ দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
বাংলাদেশ বিমান বাহিনীর স্কোয়াড্রন লিডার হাসান আকাশকে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়ের অধীনে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে ‘উপ পরিচালক (এভসেক অ্যান্ড এফএলএল পলিসি)’ পদে প্রেষণে নিয়োগ দেওয়া হয়েছে।
বাংলাদেশ নিরাপদ খাদ্য কর্তৃপক্ষের পরিচালক (উপসচিব) শামীম আহমেদকে স্বাস্থ্যসেবা বিভাগের আওতাধীন স্বাস্থ্য অর্থনীতি ইউনিটের উপপরিচালক হিসেবে বদলি করা হয়েছে।
ভূমি মন্ত্রণালয়ে কর্মরত উপসচিব মোহাম্মদ সাইফুল ইসলামকে ধর্ম বিষয়ক মন্ত্রণালয়ের অধীনে বাস্তবায়নাধীন ‘দেশের বিভিন্ন স্থানে সমন্বিত মসজিদ নির্মাণ ও সংস্কার’ প্রকল্পের প্রকল্প পরিচালক হিসেবে দায়িত্ব দেওয়া হয়েছে।
বিজ্ঞাপন
মাঠ প্রশাসনেও আনা হয়েছে গুরুত্বপূর্ণ পরিবর্তন। পঞ্চগড়ের অতিরিক্ত জেলা প্রশাসক সুমন চন্দ্র দাশকে জামালপুরের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে বদলি করা হয়েছে।
এদিকে, মহিলা ও শিশু বিষয়ক মন্ত্রণালয়ের সিনিয়র সহকারী সচিব মিজ শাহীন সুলতানাকে চাঁপাইনবাবগঞ্জের অতিরিক্ত জেলা প্রশাসক হিসেবে পদায়ন করা হয়েছে।
বিজ্ঞাপন
বিসিএস প্রশাসন ক্যাডারের কর্মকর্তা মোহাম্মদ আলাউদ্দিনকে খুলনা বিভাগে উপজেলা নির্বাহী কর্মকর্তা (ইউএনও) হিসেবে পদায়নের লক্ষ্যে বিভাগীয় কমিশনারের কার্যালয়ে ন্যস্ত করা হয়েছে। এর আগে তিনি নাটোরের বাগাতিপাড়া উপজেলার ইউএনও হিসেবে দায়িত্ব পালন করছিলেন।
সংশ্লিষ্টরা মনে করছেন, সরকারের এই রদবদলের মাধ্যমে প্রশাসনের বিভিন্ন স্তরে কাজের সমন্বয়, দক্ষতা ও সেবার গতি আরও বাড়বে।








