Logo

স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি

profile picture
নিজস্ব প্রতিবেদক
১৮ মে, ২০২৬, ১৮:৩৯
স্থানীয় নির্বাচনে থাকছে না দলীয় প্রতীক: সিইসি
ছবি: সংগৃহীত

আসন্ন স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক ব্যবহার করা হবে না বলে জানিয়েছেন প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন। তবে নির্বাচন কবে অনুষ্ঠিত হবে, সে বিষয়ে এখনো চূড়ান্ত সিদ্ধান্ত হয়নি বলেও জানান তিনি।

বিজ্ঞাপন

সোমবার (১৮ মে) রাজধানীর আগারগাঁওয়ে নির্বাচন প্রশিক্ষণ ইনস্টিটিউটে রিপোর্টার্স ফোরাম ফর ইলেকশন অ্যান্ড ডেমোক্রেসি (আরএফইডি)-র নবনির্বাচিত কমিটির দায়িত্ব গ্রহণ ও বিদায়ী কমিটির সংবর্ধনা অনুষ্ঠানে তিনি এ কথা বলেন।

সিইসি বলেন, দলীয় প্রতীক না থাকলেও বিভিন্ন রাজনৈতিক দল ইতোমধ্যে নিজেদের সমর্থিত প্রার্থীদের পক্ষে অবস্থান নিচ্ছে। এতে স্থানীয় সরকার নির্বাচনকে ঘিরে উত্তেজনা বাড়ার আশঙ্কা রয়েছে।

বিজ্ঞাপন

তিনি বলেন, নির্বাচন কমিশন শুধু একটি নির্বাচন নয়, ভবিষ্যতের সব নির্বাচনকে সুষ্ঠু, নিরপেক্ষ ও শান্তিপূর্ণ করতে চায়। এজন্য ভালো নির্বাচনী সংস্কৃতি গড়ে তোলা জরুরি।

স্থানীয় সরকার নির্বাচনকে কেন্দ্র করে অতীতে সহিংসতা ও প্রাণহানির ঘটনা উল্লেখ করে সিইসি বলেন, গ্রামাঞ্চলে প্রতিদ্বন্দ্বিতা অনেক সময় তীব্র হয়। একই পরিবার বা এলাকার প্রার্থীদের মধ্যেও সংঘর্ষ দেখা দেয়।

তিনি রাজনৈতিক দলগুলোর প্রতি রক্তপাতহীন নির্বাচন নিশ্চিত করতে সহযোগিতার আহ্বান জানান।

বিজ্ঞাপন

নাসির উদ্দিন বলেন, নির্বাচন কমিশন একা কোনো নির্বাচন সফল করতে পারে না। সুষ্ঠু ভোট আয়োজনের জন্য আইনশৃঙ্খলা বাহিনী, প্রশাসন, রাজনৈতিক দল, প্রার্থী, সাংবাদিক ও ভোটার—সবার সম্মিলিত সহযোগিতা প্রয়োজন।

তিনি আরও জানান, স্থানীয় সরকার নির্বাচন সামনে রেখে নির্বাচন কমিশন জনসচেতনতা কার্যক্রম জোরদারের পরিকল্পনা নিয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD