রক্তপাতহীন একটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চাই: সিইসি

প্রধান নির্বাচন কমিশনার (সিইসি) এ এম এম নাসির উদ্দিন বলেছেন, তারা এমন একটি স্থানীয় সরকার নির্বাচন আয়োজন করতে চান যা হবে রক্তপাতহীন ও শান্তিপূর্ণ। বৃহস্পতিবার (২১ মে) সকালে রাজধানীর একটি হোটেলে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের সংবাদ সম্মেলনে তিনি এ কথা বলেন।
বিজ্ঞাপন
স্থানীয় সরকার নির্বাচনকে বড় চ্যালেঞ্জ হিসেবে উল্লেখ করে সিইসি বলেন, জাতীয় সংসদ নির্বাচনের মতো স্থানীয় সরকার নির্বাচনও সুষ্ঠু করার লক্ষ্য রয়েছে কমিশনের। সহিংসতা এড়িয়ে একটি গ্রহণযোগ্য নির্বাচন আয়োজন করাই প্রধান উদ্দেশ্য।
তিনি আরও বলেন, স্থানীয় নির্বাচনে যাতে কোনো ধরনের সংঘাত না ঘটে, সে বিষয়ে কমিশন সচেষ্ট থাকবে। বর্তমান সরকার জনগণের সরকার উল্লেখ করে তিনি আশা প্রকাশ করেন, সুষ্ঠু নির্বাচন আয়োজনেও তারা সহযোগিতা করবে।
বিজ্ঞাপন
সিইসি বলেন, “চ্যালেঞ্জ অবশ্যই থাকবে, তবে আমরা রক্তপাতহীন স্থানীয় সরকার নির্বাচন দিতে চাই।”
এদিকে অনুষ্ঠানে এশিয়ান নেটওয়ার্ক ফর ফ্রি ইলেকশনের চেয়ারম্যান রোহানা হেতিয়ারাসসি বলেন, কোনো নির্বাচনই পুরোপুরি নিখুঁত নয়। তবে বাংলাদেশের নির্বাচনের ইতিহাসের তুলনায় সাম্প্রতিক নির্বাচন তাৎপর্যপূর্ণ ছিল। তার মতে, এটি ছিল অন্তর্ভুক্তিমূলক নির্বাচন, যেখানে ভোটাররা ভোটাধিকার প্রয়োগের সুযোগ পেয়েছেন এবং গণতন্ত্র আরও এগিয়েছে।








