রামিসা হত্যার বিচার দাবিতে পল্লবী থানায় ঢুকে এলাকাবাসীর বিক্ষোভ

রাজধানীর পল্লবীতে শিশু রামিসা হত্যাকাণ্ডের বিচার দাবিতে পল্লবী থানায় ঢুকে বিক্ষোভ করেছেন এলাকাবাসী। এ ঘটনায় দ্রুত বিচার ও দৃষ্টান্তমূলক শাস্তির দাবি জানিয়ে তারা তীব্র ক্ষোভ প্রকাশ করেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) সকালে রামিসার বাসার সামনে সহপাঠী ও স্থানীয়রা প্রথমে বিক্ষোভ করেন। পরে তারা প্ল্যাকার্ড হাতে থানার ভেতরে প্রবেশ করে অপরাধীদের দ্রুত বিচারের আওতায় আনার দাবি জানান।
এ সময় থানার ভেতরে উত্তেজনাকর পরিস্থিতির সৃষ্টি হলে পুলিশ তাদের শান্ত থাকার অনুরোধ জানায়। এলাকাবাসী অভিযোগ করেন, এমন নৃশংস ঘটনার পরও শিশুদের নিরাপত্তা নিয়ে তারা চরম উদ্বিগ্ন।
বিজ্ঞাপন
তারা বলেন, ঘর ও বাইরে কোথাও নিরাপত্তা নেই। শিশুদের বিরুদ্ধে এমন অপরাধের কঠোর ও দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করতে হবে।
এর আগে মঙ্গলবার (১৯ মে) সকালে মিরপুর–১১ এলাকার একটি বহুতল ভবনের তৃতীয় তলার ফ্ল্যাট থেকে সাত বছরের শিশু রামিসা আক্তারের মরদেহ উদ্ধার করে পুলিশ। প্রাথমিক তদন্তে জানা যায়, হত্যার পর মরদেহ গোপন করার চেষ্টা করা হয়েছিল। ঘটনাস্থল থেকে আলামত সংগ্রহ করে ফরেনসিক পরীক্ষার জন্য সিআইডিতে পাঠানো হয়।
বিজ্ঞাপন
এ ঘটনায় ইতোমধ্যে দুইজনকে গ্রেপ্তার করেছে পুলিশ। গ্রেপ্তাররা হলেন পাশের ফ্ল্যাটের ভাড়াটিয়া সোহেল রানা (৩০) ও তার স্ত্রী স্বপ্না আক্তার (২৬)।








