দেশের প্রয়োজনে মাঠে ছিল সেনাবাহিনী, এখন ব্যারাকে ফিরছেন

সেনাপ্রধান জেনারেল ওয়াকার-উজ-জামান বলেছেন, ২০২৪ সালে দেশের প্রয়োজনে সেনাসদস্যরা মাঠে দায়িত্ব পালন করেছেন। বর্তমানে পরিস্থিতি স্থিতিশীল হওয়ায় তারা ধীরে ধীরে ব্যারাকে ফিরে যাচ্ছেন।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার (২১ মে) সকালে কুমিল্লা সেনানিবাসে বাংলাদেশ সেনাবাহিনীর ফায়ারিং প্রতিযোগিতার সমাপনী ও পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে তিনি এসব কথা বলেন।
সেনাপ্রধান বলেন, দেশের ক্রান্তিকালে সেনাসদস্যদের ভূমিকা জাতি কৃতজ্ঞতার সঙ্গে স্মরণ করবে। তিনি আরও বলেন, দীর্ঘ সময় মাঠে দায়িত্ব পালনের পরও সেনাসদস্যরা প্রতিযোগিতায় যে দক্ষতা দেখিয়েছেন, তা অত্যন্ত প্রশংসনীয়।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে তিনি বিজয়ী ও রানার্সআপ দলের সদস্যদের অভিনন্দন জানান এবং তাদের মধ্যে পুরস্কার বিতরণ করেন।
গত ১৬ মে সদর দপ্তর ৩৩ পদাতিক ডিভিশনের ব্যবস্থাপনায় এই ফায়ারিং প্রতিযোগিতা শুরু হয়। এতে বাংলাদেশ সেনাবাহিনীর বিভিন্ন ফরমেশন, লজিস্টিকস এরিয়া, পাঁচটি স্বতন্ত্র ব্রিগেড এবং প্যারা কমান্ডো ব্রিগেডসহ মোট ১৭টি দল অংশ নেয়।
প্রতিযোগিতায় ১৭ পদাতিক ডিভিশন চ্যাম্পিয়ন এবং প্যারা কমান্ডো ব্রিগেড রানার্সআপ হওয়ার গৌরব অর্জন করে।
বিজ্ঞাপন
অনুষ্ঠানে সেনাসদরের মাস্টার জেনারেল অব দ্য অর্ডন্যান্স (এমজিও), বাংলাদেশ অর্ডন্যান্স ফ্যাক্টরির কমান্ড্যান্ট, ৩৩ পদাতিক ডিভিশনের জিওসি ও কুমিল্লা এরিয়া কমান্ডার, ১৭ পদাতিক ডিভিশনের জিওসি ও সিলেট এরিয়া কমান্ডারসহ সেনাসদর ও বিভিন্ন ইউনিটের ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।








