Logo

সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী

profile picture
নিজস্ব প্রতিবেদক
২১ জুন, ২০২৬, ১৫:২১
সহধর্মিণীকে সঙ্গে নিয়ে ঢাকা ছাড়লেন প্রধানমন্ত্রী
ছবি: সংগৃহীত

সরকারপ্রধান হিসেবে দায়িত্ব গ্রহণের পর প্রথম বিদেশ সফরে মালয়েশিয়ার উদ্দেশে ঢাকা ত্যাগ করেছেন প্রধানমন্ত্রী তারেক রহমান। মালয়েশিয়ার প্রধানমন্ত্রী আনোয়ার ইব্রাহিমের আমন্ত্রণে শুরু হওয়া এ সফরকে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক জোরদারের গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে দেখা হচ্ছে। সফরে প্রধানমন্ত্রীর সঙ্গে রয়েছেন তার সহধর্মিণী ডা. জুবাইদা রহমান।

বিজ্ঞাপন

রবিবার (২১ জুন) বিকেল পৌনে ৩টার দিকে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইটে হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দর থেকে কুয়ালালামপুরের উদ্দেশে রওনা হন প্রধানমন্ত্রী। বিমানবন্দরে তাকে বিদায় জানান বিএনপির মহাসচিব ও স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর, জাতীয় সংসদের চিফ হুইপ, মন্ত্রিসভার সদস্য এবং দলের শীর্ষ নেতারা।

প্রধানমন্ত্রীর প্রেস উইং জানিয়েছে, সফরে তার সঙ্গে সরকারের গুরুত্বপূর্ণ নীতিনির্ধারক, উপদেষ্টা, মন্ত্রিপরিষদের কয়েকজন সদস্য, ঊর্ধ্বতন সরকারি কর্মকর্তা এবং ব্যক্তিগত কর্মকর্তারা রয়েছেন। তবে সফরসঙ্গী প্রতিনিধিদল তুলনামূলকভাবে সীমিত রাখা হয়েছে। এতে প্রায় ২৭ থেকে ২৮ জন সদস্য অন্তর্ভুক্ত রয়েছেন।

বিজ্ঞাপন

মালয়েশিয়া সফরে দুই দেশের পারস্পরিক সম্পর্ক আরও শক্তিশালী করার বিভিন্ন বিষয় আলোচনায় গুরুত্ব পাবে। বিশেষ করে বাণিজ্য সম্প্রসারণ, শ্রমবাজারে বাংলাদেশি কর্মীদের সুযোগ বৃদ্ধি, বিনিয়োগ সহযোগিতা এবং অর্থনৈতিক অংশীদারত্ব উন্নয়নের বিষয়ে আলোচনা হওয়ার কথা রয়েছে।

মালয়েশিয়া সফর শেষে প্রধানমন্ত্রী সরাসরি চীনে যাবেন। চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের আমন্ত্রণে অনুষ্ঠিতব্য এ সফরকে দুই দেশের সম্পর্কের নতুন অধ্যায় হিসেবে বিবেচনা করা হচ্ছে। এর আগে শনিবার (২০ জুন) পররাষ্ট্র মন্ত্রণালয়ে আয়োজিত এক সংবাদ সম্মেলনে পররাষ্ট্রসচিব আসাদ আলম সিয়াম প্রধানমন্ত্রীর সফরসূচি ও সম্ভাব্য অর্জন সম্পর্কে বিস্তারিত তুলে ধরেন।

তিনি জানান, চীন সফরকালে বাংলাদেশ ও চীনের মধ্যে উল্লেখযোগ্য সংখ্যক দ্বিপক্ষীয় চুক্তি ও সমঝোতা স্মারক স্বাক্ষরের সম্ভাবনা রয়েছে। আশা করা হচ্ছে, দুই দেশের মধ্যে ১৩টি সমঝোতা স্মারক (এমওইউ), দুটি চুক্তি, একটি কর্মপরিকল্পনা এবং একটি প্রোটোকলসহ মোট ১৫ থেকে ১৭টি গুরুত্বপূর্ণ দলিলে স্বাক্ষর হবে। পাশাপাশি বহুল আলোচিত তিস্তা প্রকল্প নিয়েও আলোচনা হওয়ার সম্ভাবনা রয়েছে।

বিজ্ঞাপন

সফরের অন্যতম গুরুত্বপূর্ণ অংশ হিসেবে আগামী ২৫ জুন চীনের প্রধানমন্ত্রী লি কিয়াংয়ের সঙ্গে দ্বিপক্ষীয় বৈঠকে অংশ নেবেন প্রধানমন্ত্রী তারেক রহমান। বৈঠকে বাণিজ্য, বিনিয়োগ, অবকাঠামো উন্নয়ন, প্রযুক্তি সহযোগিতা এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির বিভিন্ন বিষয় গুরুত্ব পাবে বলে সংশ্লিষ্ট সূত্রে জানা গেছে।

এছাড়া ২৬ জুন চীনের প্রেসিডেন্ট শি চিনপিংয়ের সঙ্গে সৌজন্য সাক্ষাতেরও কথা রয়েছে। এই বৈঠকে দুই দেশের দীর্ঘমেয়াদি কৌশলগত সম্পর্ক, উন্নয়ন সহযোগিতা এবং ভবিষ্যৎ বিনিয়োগ পরিকল্পনা নিয়ে আলোচনা হতে পারে।

চীন সফরের আরেকটি গুরুত্বপূর্ণ দিক হলো দালিয়ানে অনুষ্ঠিতব্য ‘নিউ চ্যাম্পিয়নস’-এর ১৭তম বার্ষিক সম্মেলন, যা ‘সামার দাভোস’ নামেও পরিচিত। ২৩ থেকে ২৫ জুন পর্যন্ত চলা এই আন্তর্জাতিক সম্মেলনে অংশ নেবেন প্রধানমন্ত্রী। ‘ইনোভেটিং অ্যাট স্কেল’ প্রতিপাদ্যে আয়োজিত এ ফোরামে বিশ্বের ৯০টিরও বেশি দেশ ও অঞ্চলের প্রায় ১ হাজার ৭০০ প্রতিনিধি অংশ নেবেন।

বিজ্ঞাপন

সম্মেলনে বৈশ্বিক অর্থনৈতিক প্রবণতা, প্রযুক্তিগত উদ্ভাবন, কৃত্রিম বুদ্ধিমত্তা, টেকসই উন্নয়ন এবং উদ্ভাবননির্ভর প্রবৃদ্ধির বিভিন্ন বিষয় নিয়ে আলোচনা হবে। এ উপলক্ষে বিভিন্ন দেশের সরকারপ্রধান, নীতিনির্ধারক, ব্যবসায়ী এবং আন্তর্জাতিক সংস্থার প্রতিনিধিদের সঙ্গে প্রধানমন্ত্রীর মতবিনিময়ের সুযোগ সৃষ্টি হবে।

পররাষ্ট্রসচিব বলেন, মালয়েশিয়া ও চীন সফরকে বাংলাদেশের অর্থনৈতিক কূটনীতির অংশ হিসেবে দেখা হচ্ছে। এর মাধ্যমে বিদেশি বিনিয়োগ আকর্ষণ, রপ্তানি বাজার সম্প্রসারণ এবং আঞ্চলিক সংযোগ বৃদ্ধির ক্ষেত্রে নতুন সম্ভাবনা তৈরি হবে। একই সঙ্গে উন্নয়ন, প্রযুক্তি ও অবকাঠামো খাতে সহযোগিতা আরও গভীর করার বিষয়েও বাংলাদেশের অবস্থান তুলে ধরা হবে।

বিজ্ঞাপন

সংশ্লিষ্টরা মনে করছেন, দায়িত্ব গ্রহণের পর প্রধানমন্ত্রীর এই প্রথম বিদেশ সফর বাংলাদেশের আন্তর্জাতিক সম্পর্ক, বাণিজ্যিক স্বার্থ এবং কৌশলগত অংশীদারত্ব জোরদারে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখতে পারে।

সফর শেষে আগামী ২৬ জুন রাতে দেশে ফেরার কথা রয়েছে প্রধানমন্ত্রী তারেক রহমানের। তার এই সফরের মাধ্যমে দক্ষিণ-পূর্ব এশিয়া ও পূর্ব এশিয়ার গুরুত্বপূর্ণ দুই দেশের সঙ্গে বাংলাদেশের কূটনৈতিক ও অর্থনৈতিক সম্পর্ক নতুন গতি পাবে বলে আশা করছেন সংশ্লিষ্টরা।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD