Logo

আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল: রেলমন্ত্রী

profile picture
জেলা প্রতিনিধি
পাবনা
২০ জুন, ২০২৬, ২০:৫৮
আগস্টেই চালু হচ্ছে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন চলাচল: রেলমন্ত্রী
ছবি: সংগৃহীত

ঢাকা ও পাবনার মধ্যে দীর্ঘদিনের প্রত্যাশিত সরাসরি রেল যোগাযোগ আগামী আগস্ট মাসেই চালু হতে যাচ্ছে বলে জানিয়েছেন সড়ক, রেল ও নৌপরিবহন মন্ত্রী শেখ রবিউল আলম। তিনি বলেছেন, এ রুটে ট্রেন পরিচালনার জন্য প্রয়োজনীয় লোকোমোটিভ ইতোমধ্যে প্রস্তুত রয়েছে এবং আগামী জুলাই মাসে নতুন কোচ দেশে পৌঁছাবে। সবকিছু পরিকল্পনা অনুযায়ী এগোলে অগ্রাধিকার ভিত্তিতে আগস্টেই ঢাকা-পাবনা রুটে সরাসরি ট্রেন চলাচল শুরু হবে।

বিজ্ঞাপন

শনিবার (২০ জুন) বিকেলে পাবনা সার্কিট হাউজ মিলনায়তনে সরকারি কর্মকর্তা, জনপ্রতিনিধি ও সুধীজনদের সঙ্গে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে তিনি এ তথ্য জানান।

মন্ত্রী বলেন, দেশের যোগাযোগ ব্যবস্থাকে আরও আধুনিক ও জনবান্ধব করতে সরকার বিভিন্ন উদ্যোগ বাস্তবায়ন করছে। এর অংশ হিসেবে নতুন নতুন রেলসেবা চালুর পরিকল্পনা নেওয়া হয়েছে।

বিজ্ঞাপন

তিনি জানান, চলতি বছরের আগস্ট মাসে দুটি নতুন আন্তঃনগর রুটে ট্রেন চলাচল শুরুর লক্ষ্য নির্ধারণ করা হয়েছে। এর মধ্যে প্রথমে চালু হবে ঢাকা-পাবনা সরাসরি ট্রেন এবং পরবর্তীতে ঢাকা-খুলনা রুটে নতুন সরাসরি ট্রেনসেবা চালু করা হবে।

শেখ রবিউল আলম বলেন, নতুন ট্রেন পরিচালনার জন্য ইঞ্জিন প্রস্তুত রয়েছে। পাশাপাশি যাত্রীসেবার মান বাড়াতে নতুন কোচও সংগ্রহ করা হচ্ছে। এসব কোচ আগামী মাসে দেশে আসার কথা রয়েছে। প্রয়োজনীয় প্রস্তুতি সম্পন্ন হলেই নতুন রুটগুলোতে ট্রেন চলাচল শুরু হবে।

পরিবহন খাতের শৃঙ্খলা ফিরিয়ে আনার বিষয়ে মন্ত্রী বলেন, সরকার কোনো পক্ষকে প্রাধান্য দিয়ে নয়, বরং মালিক, শ্রমিক ও সংশ্লিষ্ট সব অংশীজনকে সঙ্গে নিয়ে সমন্বিতভাবে কাজ করতে চায়। জনস্বার্থকে সর্বোচ্চ গুরুত্ব দিয়েই পরিবহন ব্যবস্থার উন্নয়ন করা হবে।

বিজ্ঞাপন

তিনি জানান, খুব শিগগিরই দেশের মানুষ আন্তর্জাতিক মানের সমন্বিত বা ‘মাল্টি-মোডাল’ যোগাযোগ ব্যবস্থার সুফল দেখতে পাবে।

এ সময় কাজিরহাট ফেরিঘাট স্থানান্তর প্রকল্প নিয়েও কথা বলেন মন্ত্রী। তিনি জানান, প্রকল্প বাস্তবায়নের প্রাথমিক কার্যক্রম ইতোমধ্যে শুরু হয়েছে। সম্ভাব্যতা যাচাই (ফিজিবিলিটি স্টাডি) এবং উন্নয়ন প্রকল্প প্রস্তাব (ডিপিপি) প্রণয়নের কাজ সম্পন্ন করা হয়েছে। প্রকল্পটি শুধু পাবনার মানুষের দীর্ঘদিনের দাবি নয়, বরং বৃহত্তর জনস্বার্থের সঙ্গেও সম্পৃক্ত। এ কারণে দ্রুততম সময়ের মধ্যে প্রকল্প বাস্তবায়নে সরকার আন্তরিকভাবে কাজ করছে।

বিজ্ঞাপন

মতবিনিময় সভায় পাবনা সদর আসনের সংসদ সদস্য শামসুর রহমান শিমুল বিশ্বাস, পাবনা-২ আসনের সংসদ সদস্য সেলিম রেজা হাবিব, পাবনা-৪ আসনের সংসদ সদস্য আবু তালেব মণ্ডল, সংরক্ষিত নারী আসনের সংসদ সদস্য অ্যাডভোকেট আরিফা সুলতানা রুমা, জেলা প্রশাসক আমিনুল ইসলাম, পুলিশ সুপার সুফী উল্লাহসহ স্থানীয় প্রশাসনের কর্মকর্তা, রাজনৈতিক নেতা ও বিভিন্ন শ্রেণি-পেশার প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD