Logo

প্রস্তাবিত বাজেট ইতিহাসের সেরা ও দরিদ্রবান্ধব: আমান উল্লাহ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৮ জুন, ২০২৬, ১৭:০৫
প্রস্তাবিত বাজেট ইতিহাসের সেরা ও দরিদ্রবান্ধব: আমান উল্লাহ
ছবি: সংগৃহীত

২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত জাতীয় বাজেটকে দেশের ইতিহাসে অন্যতম স্মরণীয় ও মানবিক বাজেট হিসেবে আখ্যায়িত করেছেন সরকারি দলের সংসদ সদস্য আমান উল্লাহ আমান। তার মতে, প্রধানমন্ত্রী তারেক রহমানের দীর্ঘ বিদেশজীবনের অভিজ্ঞতা এবং উন্নত দেশের শিক্ষা ও জনকল্যাণমূলক ব্যবস্থার প্রতিফলন ঘটেছে এবারের বাজেটে।

বিজ্ঞাপন

রবিবার (২৮ জুন) জাতীয় সংসদে ২০২৬-২৭ অর্থবছরের প্রস্তাবিত বাজেটের ওপর সাধারণ আলোচনায় অংশ নিয়ে তিনি এসব মন্তব্য করেন। এ সময় অধিবেশনে সভাপতিত্ব করেন স্পিকার হাফিজ উদ্দিন আহমদ।

পাঁচবার নির্বাচিত এই সংসদ সদস্য বলেন, ১৯৯১ সাল থেকে তিনি সংসদে অসংখ্য বাজেট প্রত্যক্ষ করেছেন। তবে প্রধানমন্ত্রী তারেক রহমানের নেতৃত্বে অর্থমন্ত্রী আমির খসরু মাহমুদ চৌধুরীর উপস্থাপিত এবারের বাজেটকে তিনি অতীতের যেকোনো বাজেটের তুলনায় ব্যতিক্রমী বলে মনে করেন। তার ভাষায়, এটি এমন একটি বাজেট, যেখানে সাধারণ মানুষের কল্যাণ, সামাজিক নিরাপত্তা এবং দারিদ্র্য বিমোচনের বিষয়গুলো সর্বোচ্চ গুরুত্ব পেয়েছে।

বিজ্ঞাপন

শিক্ষা খাতের বরাদ্দ প্রসঙ্গে আমান উল্লাহ আমান বলেন, এবারের বাজেটে এক লাখ ৩৬ হাজার কোটি টাকা বরাদ্দ রাখা হয়েছে, যা দেশের শিক্ষা ব্যবস্থার উন্নয়নে গুরুত্বপূর্ণ ভূমিকা রাখবে।

তিনি দাবি করেন, লন্ডনের প্রাথমিক বিদ্যালয়গুলোতে শিক্ষার্থীদের জন্য ব্যাগ, জুতা, পোশাক এবং মধ্যাহ্নভোজের যে সুবিধা চালু রয়েছে, সেই আদলে বাংলাদেশেও অনুরূপ ব্যবস্থা অন্তর্ভুক্ত করা হয়েছে। দীর্ঘ ১৮ বছর বিদেশে অবস্থানকালে প্রধানমন্ত্রী যে অভিজ্ঞতা অর্জন করেছেন, তারই প্রতিফলন এই বাজেটে দেখা যাচ্ছে।

বাজেটে নিত্যপ্রয়োজনীয় পণ্যের ওপর কর কমানোর উদ্যোগেরও প্রশংসা করেন তিনি। আমান বলেন, চাল, ডাল, আটা, ভোজ্যতেল, লবণসহ বিভিন্ন প্রয়োজনীয় পণ্যের কর হ্রাসের ফলে সাধারণ মানুষের ক্রয়ক্ষমতার ওপর ইতিবাচক প্রভাব পড়বে এবং জীবনযাত্রার ব্যয় কিছুটা কমবে।

বিজ্ঞাপন

স্বাস্থ্য খাতের বিভিন্ন উদ্যোগের কথাও তুলে ধরেন তিনি। তার বক্তব্য অনুযায়ী, হৃদরোগীদের চিকিৎসায় ব্যবহৃত হার্টের রিং বসানোর খরচ পূর্বের তুলনায় উল্লেখযোগ্যভাবে কমানো হয়েছে। আগে যেখানে এ জন্য প্রায় এক লাখ ১০ হাজার টাকা ব্যয় হতো, বর্তমানে তা কমে ৫৫ হাজার টাকায় নেমে এসেছে বলে তিনি উল্লেখ করেন।

আলোচনার এক পর্যায়ে প্রধানমন্ত্রী তারেক রহমানকে নিয়ে ব্যক্তিগত একটি স্মৃতিচারণও করেন আমান উল্লাহ আমান। তিনি বলেন, ওয়ান-ইলেভেনের সময় কারাগারে থাকাকালে এক শীতের রাতে একজন সেবাকর্মী ঠান্ডায় কাঁপতে কাঁপতে পানি নিয়ে এলে তৎকালীন কারাবন্দি তারেক রহমান নিজের গায়ের জ্যাকেট খুলে তাকে পরিয়ে দেন। এ ঘটনার মাধ্যমে প্রধানমন্ত্রীর মানবিক দৃষ্টিভঙ্গির পরিচয় পাওয়া যায় বলে মন্তব্য করেন তিনি।

বিজ্ঞাপন

পূর্ববর্তী সরকারের সমালোচনা করে সংসদ সদস্য বলেন, গত ১৭ থেকে ২০ বছরে স্বাস্থ্য ও শিক্ষা খাত অবহেলার শিকার হয়েছে। তার নির্বাচনী এলাকায় একটি ২০ শয্যার হাসপাতাল নির্মিত হলেও দীর্ঘ সময় সেখানে চিকিৎসক নিয়োগ দেওয়া হয়নি। এমনকি হাসপাতালের শয্যাগুলোও সরিয়ে নেওয়া হয়েছিল। বর্তমান সরকার দায়িত্ব গ্রহণের পর এসব সমস্যা সমাধানে উদ্যোগ নিয়েছে বলেও তিনি দাবি করেন।

কৃষি খাতের বিভিন্ন সহায়তা কর্মসূচির প্রশংসা করে আমান উল্লাহ আমান বিনামূল্যে বীজ ও সার বিতরণ এবং ১০ হাজার টাকা পর্যন্ত কৃষিঋণ মওকুফের সিদ্ধান্তকে কৃষকদের জন্য গুরুত্বপূর্ণ পদক্ষেপ হিসেবে উল্লেখ করেন। একই সঙ্গে তিনি ১৯৮১ সালে শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের উদ্যোগে খনন করা বুড়িগঙ্গা ও ধলেশ্বরী নদীর সংযোগস্থলের ১৭ কিলোমিটার খাল পুনঃসংস্কারের জন্য প্রধানমন্ত্রীর দৃষ্টি আকর্ষণ করেন।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD