তুরাগে একাধিক মরদেহ উদ্ধারের দাবি, গুজব বলছে ডিএমপি

ঢাকার তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের দাবিতে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া তথ্যকে ভিত্তিহীন ও বিভ্রান্তিকর বলে জানিয়েছে ঢাকা মহানগর পুলিশ (ডিএমপি)। পুলিশ বলছে, ডিএমপির অধীনস্থ তুরাগ, পল্লবী ও রূপনগর থানা এলাকায় এ ধরনের কোনো ঘটনা ঘটেনি। পাশাপাশি এ বিষয়ে কোনো অভিযোগ, সাধারণ ডায়েরি (জিডি) কিংবা মামলাও দায়ের হয়নি।
বিজ্ঞাপন
রবিবার (২৮ জুন) বিকেলে ডিএমপি মিডিয়া সেন্টারে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এসব তথ্য জানান ডিএমপির যুগ্ম পুলিশ কমিশনার (ক্রাইম) মো. ফারুক হোসেন।
তিনি বলেন, সামাজিক যোগাযোগমাধ্যমে ধারাবাহিকভাবে তুরাগ নদী থেকে একাধিক মরদেহ উদ্ধারের যে দাবি প্রচার করা হচ্ছে, সেটি গুরুত্বের সঙ্গে তদন্ত ও যাচাই করেছে ডিএমপি। তবে অনুসন্ধানে ওই দাবির পক্ষে কোনো তথ্য বা প্রমাণ পাওয়া যায়নি।
বিজ্ঞাপন
ফারুক হোসেন জানান, উত্তরা বিভাগের অধীন তুরাগ থানায় এ ধরনের কোনো হত্যাকাণ্ড বা মরদেহ উদ্ধারের ঘটনা ঘটেনি। একইভাবে এ সংক্রান্ত কোনো ব্যক্তি বা প্রতিষ্ঠানের পক্ষ থেকেও থানায় অভিযোগ, জিডি বা মামলা দায়ের করা হয়নি।
তিনি আরও বলেন, বিষয়টি নিশ্চিত করতে মিরপুর ক্রাইম বিভাগের আওতাধীন পল্লবী ও রূপনগর থানার ভৌগোলিক সীমাও পর্যালোচনা করা হয়েছে। সেখানেও সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ঘটনার সঙ্গে সংশ্লিষ্ট কোনো তথ্য মেলেনি। ওই দুই থানাতেও এ বিষয়ে কোনো অভিযোগ বা ঘটনার রেকর্ড নেই।
ডিএমপির এই কর্মকর্তা জানান, বিষয়টি নিয়ে বাংলাদেশ পুলিশের ভেরিফায়েড ফেসবুক পেজ থেকেও আনুষ্ঠানিকভাবে ব্যাখ্যা প্রকাশ করা হয়েছে, যাতে জনমনে বিভ্রান্তি দূর করা যায়।
বিজ্ঞাপন
সংবাদ সম্মেলনে তিনি সবাইকে সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত যেকোনো তথ্য যাচাই-বাছাই ছাড়া বিশ্বাস বা শেয়ার না করার আহ্বান জানান। তার ভাষায়, গুজব ও বিভ্রান্তিকর তথ্যের প্রচার জনমনে আতঙ্ক সৃষ্টি করতে পারে এবং আইনশৃঙ্খলা পরিস্থিতির ওপর নেতিবাচক প্রভাব ফেলতে পারে।
এক প্রশ্নের জবাবে মো. ফারুক হোসেন বলেন, শুরুতে প্রচার করা হয়েছিল যে ঘটনাটি ডিএমপির আওতাধীন এলাকায় এবং ডিএমপির সংশ্লিষ্টতায় ঘটেছে। কিন্তু তদন্তে এমন কোনো তথ্য পাওয়া যায়নি। তিনি জানান, তাদের প্রাপ্ত তথ্য অনুযায়ী আমিনবাজার নৌ পুলিশ একটি মরদেহ উদ্ধার করেছে এবং সে ঘটনায় দারুসসালাম থানায় একটি অপমৃত্যুর মামলা হয়েছে। তবে সেটি নৌ পুলিশের অধিক্ষেত্রের বিষয়।
বিজ্ঞাপন
আরেক প্রশ্নের উত্তরে তিনি বলেন, ডিএমপি কেবল নিজেদের প্রশাসনিক এলাকার ঘটনাসংক্রান্ত তথ্যই নিশ্চিত করতে পারে। ডিএমপির আওতায় তুরাগ, পল্লবী বা রূপনগর এলাকায় সামাজিক যোগাযোগমাধ্যমে প্রচারিত ধরনের কোনো ঘটনা ঘটেনি। ডিএমপির বাইরের এলাকায় কী ঘটেছে, সে বিষয়ে মন্তব্য করা তাদের এখতিয়ারের মধ্যে পড়ে না।








