Logo

বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২৯ জুন, ২০২৬, ১৭:২০
বিরোধী দলের এমপিদের এলাকায় উন্নয়নে ২০ কোটি টাকা বরাদ্দ
ছবি: সংগৃহীত

প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকায় মসজিদ, কবরস্থান ও ঈদগাহ উন্নয়নের জন্য প্রায় ২০ কোটি টাকা বরাদ্দের ঘোষণা দেওয়া হয়েছে। স্থানীয় সরকার, পল্লী উন্নয়ন ও সমবায়মন্ত্রী মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানিয়েছেন, সিটি কর্পোরেশন এলাকার বাইরে থাকা বিরোধী দলের সংসদ সদস্যদের আসনে এ অর্থ ব্যয় করা হবে।

বিজ্ঞাপন

সোমবার (২৯ জুন) জাতীয় সংসদে ৩০০ বিধিতে দেওয়া এক বিবৃতিতে মন্ত্রী এ তথ্য জানান।

বিবৃতিতে তিনি বলেন, প্রধানমন্ত্রীর ঐচ্ছিক তহবিল থেকে বরাদ্দকৃত অর্থের মাধ্যমে বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকার ধর্মীয় ও সামাজিক অবকাঠামোর উন্নয়ন করা হবে। এর আওতায় মসজিদ, গোরস্তান এবং ঈদগাহের উন্নয়নমূলক কাজ বাস্তবায়ন করা হবে। তবে এই বরাদ্দ আপাতত সিটি কর্পোরেশন এলাকার বাইরের নির্বাচনী আসনগুলোর জন্য প্রযোজ্য।

বিজ্ঞাপন

মন্ত্রী আরও বলেন, সরকারের লক্ষ্য হলো স্থানীয় পর্যায়ে প্রয়োজনীয় ধর্মীয় অবকাঠামোর উন্নয়ন নিশ্চিত করা এবং বিরোধী দলের প্রতিনিধিত্বকারী এলাকাগুলোতেও উন্নয়ন কর্মকাণ্ডের ধারাবাহিকতা বজায় রাখা।

মন্ত্রী বক্তব্য শেষ করার পর ঢাকা-১২ আসনের জামায়াতে ইসলামীর সংসদ সদস্য সাইফুল আলম খান বক্তব্য দেওয়ার জন্য দাঁড়ালেও স্পিকার হাফিজ উদ্দিন আহমদ তাকে বক্তব্য দেওয়ার সুযোগ দেননি। পরিবর্তে স্থানীয় সরকারমন্ত্রীকে আবার বক্তব্য দেওয়ার সুযোগ দেওয়া হয়।

এ সময় মির্জা ফখরুল ইসলাম আলমগীর জানান, পরবর্তী পর্যায়ে জেলা পরিষদের মাধ্যমে সিটি কর্পোরেশনভুক্ত বিরোধী দলের সংসদ সদস্যদের নির্বাচনী এলাকাতেও একই ধরনের উন্নয়ন বরাদ্দ দেওয়ার পরিকল্পনা রয়েছে।

বিজ্ঞাপন

পরে স্পিকার হাফিজ উদ্দিন আহমদ নিজের দীর্ঘ সংসদীয় জীবনের অভিজ্ঞতার কথা তুলে ধরে বলেন, চার দশকের সংসদীয় জীবনে তিনি বহু বছর বিরোধী দলের সদস্য হিসেবে দায়িত্ব পালন করেছেন। কিন্তু সেই সময়ে উন্নয়নমূলক কাজের জন্য কখনো কোনো আর্থিক বরাদ্দ পাননি।

স্পিকার বলেন, বিরোধী দলের সদস্য থাকাকালে পাঁচবার কারাবরণ করতে হয়েছে, তবে উন্নয়ন বরাদ্দ হিসেবে একটি কানাকড়িও কখনো তাঁর ভাগ্যে জোটেনি। বর্তমান উদ্যোগের প্রসঙ্গ টেনে তিনি নিজের অতীত অভিজ্ঞতার কথাও সংসদে তুলে ধরেন।

বিজ্ঞাপন

সংসদে এ ঘোষণা ও পরবর্তী আলোচনা বিরোধী দলের নির্বাচনী এলাকাগুলোতে উন্নয়ন বরাদ্দ নিয়ে নতুন করে আলোচনার জন্ম দিয়েছে। বিশেষ করে ধর্মীয় স্থাপনা ও সংশ্লিষ্ট অবকাঠামো উন্নয়নে কেন্দ্রীয় তহবিল থেকে বিরোধী দলের আসনগুলোতে বরাদ্দ দেওয়ার বিষয়টি সংসদীয় কার্যক্রমে উল্লেখযোগ্য ঘটনা হিসেবে বিবেচিত হচ্ছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD