স্যাটেলাইট প্রযুক্তিতে বন্যা পূর্বাভাস উন্নয়নে বাপাউবো ও ফ্রেন্ডশিপের চুক্তি

বন্যা পূর্বাভাস প্রযুক্তির উন্নয়ন, কমিউনিটি পর্যায়ে কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা জোরদার এবং পানি ব্যবস্থাপনা খাতে গবেষণা ও সক্ষমতা বৃদ্ধির লক্ষ্যে বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ড (বাপাউবো) ও ফ্রেন্ডশিপ-এর মধ্যে একটি সমঝোতা স্মারক (এমওইউ) স্বাক্ষর হয়েছে।
বিজ্ঞাপন
মঙ্গলবার (৩০ জুন) বাপাউবোর প্রধান কার্যালয় পানি ভবনের মহাপরিচালকের সম্মেলন কক্ষে আয়োজিত অনুষ্ঠানে এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়।
অনুষ্ঠানে বাপাউবোর মহাপরিচালক মো. এনায়েত উল্লাহ, অতিরিক্ত মহাপরিচালকবৃন্দসহ ঊর্ধ্বতন কর্মকর্তারা উপস্থিত ছিলেন।
বিজ্ঞাপন
সমঝোতা স্মারকে বাপাউবোর পক্ষে স্বাক্ষর করেন অতিরিক্ত প্রধান প্রকৌশলী (পানি বিজ্ঞান) ড. মো. সাজ্জাদ হোসেন এবং ফ্রেন্ডশিপ-এর পক্ষে স্বাক্ষর করেন সিনিয়র ডিরেক্টর অ্যান্ড হেড অব স্ট্র্যাটেজিক প্ল্যানিং অ্যান্ড ক্লাইমেট অ্যাকশন সেক্টরের কাজী আমদাদুল হক।
জানা গেছে, ফ্রেন্ডশিপের উদ্যোগে এবং লুক্সেমবার্গ ইনস্টিটিউট অব সায়েন্স অ্যান্ড টেকনোলজি (LIST), আরএসএস হাইড্রোসহ লুক্সেমবার্গের অন্যান্য অংশীদার প্রতিষ্ঠানের সহযোগিতায় পরিচালিত HERON প্রকল্পের আওতায় এ সমঝোতা স্মারক স্বাক্ষর করা হয়েছে।
প্রকল্পটির মূল উদ্দেশ্য হলো স্যাটেলাইটভিত্তিক প্রযুক্তির ব্যবহার করে বন্যা পূর্বাভাসের কারিগরি সক্ষমতা বৃদ্ধি, কমিউনিটি পর্যায়ে কার্যকর আগাম সতর্কীকরণ ব্যবস্থা উন্নয়ন, জ্ঞান ও প্রযুক্তি বিনিময় এবং পানি ব্যবস্থাপনা খাতে গবেষণা ও উদ্ভাবনকে এগিয়ে নেওয়া।
বিজ্ঞাপন
প্রকল্পের আওতায় ব্রহ্মপুত্র নদের চিলমারী এলাকাকে গবেষণার ক্ষেত্র হিসেবে নির্বাচন করা হয়েছে। গবেষণার ফলাফল ও উদ্ভাবিত প্রযুক্তি বাংলাদেশ পানি উন্নয়ন বোর্ডের বিদ্যমান বন্যা পূর্বাভাস ব্যবস্থার সঙ্গে সমন্বয় করে ভবিষ্যতে জাতীয় পর্যায়ে সম্প্রসারণের উদ্যোগ নেওয়া হবে।
এছাড়া এ প্রকল্পের মাধ্যমে বাপাউবোর প্রকৌশলী ও সংশ্লিষ্ট অংশীজনদের দক্ষতা বৃদ্ধি, প্রযুক্তি হস্তান্তর এবং আন্তর্জাতিক গবেষণা সহযোগিতা আরও জোরদার হবে বলে সংশ্লিষ্টরা আশা প্রকাশ করেন।
বিজ্ঞাপন
এই সমঝোতা স্মারকের মাধ্যমে বন্যা পূর্বাভাস, দুর্যোগ ঝুঁকি হ্রাস এবং জলবায়ু সহনশীল পানি ব্যবস্থাপনার ক্ষেত্রে দীর্ঘমেয়াদি গবেষণা ও কারিগরি সহযোগিতার নতুন দিগন্ত উন্মোচিত হবে বলে জানানো হয়েছে।








