Logo

শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৫:৫১
শাহজালাল বিমানবন্দরে বিমানের ফ্লাইট থেকে ১৯ কেজি স্বর্ণ জব্দ
ছবি: সংগৃহীত

দুবাই থেকে চট্টগ্রাম হয়ে ঢাকার হযরত শাহজালাল আন্তর্জাতিক বিমানবন্দরে আসা বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৯ কেজি স্বর্ণ জব্দ করেছে আইনশৃঙ্খলা রক্ষাকারী ও সংশ্লিষ্ট সংস্থাগুলো। উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা বলে জানিয়েছে কাস্টমস কর্তৃপক্ষ।

বিজ্ঞাপন

বৃহস্পতিবার (২ জুলাই) সকালে বিমান বাংলাদেশ এয়ারলাইনসের বিজি-১৪৮ ফ্লাইটে অভিযান চালিয়ে এই স্বর্ণ উদ্ধার করা হয়।

সংশ্লিষ্ট সূত্রে জানা যায়, গোপন তথ্যের ভিত্তিতে গোয়েন্দা সংস্থা ডিজিএফআইয়ের একটি দল ফ্লাইটটির কার্গো হোল্ডে তল্লাশি চালায়। অভিযানে বিমানবন্দরের এভিয়েশন সিকিউরিটি (এভসেক) ও ঢাকা কাস্টমস হাউসসহ অন্যান্য সংস্থাও অংশ নেয়।

বিজ্ঞাপন

তল্লাশির একপর্যায়ে কার্গো হোল্ড থেকে মোট ১৬০টি স্বর্ণের বার উদ্ধার করা হয়। জব্দ হওয়া স্বর্ণের মোট ওজন ১৮ কেজি ৭২০ গ্রাম।

তবে এ ঘটনায় এখন পর্যন্ত কোনো ব্যক্তি আটক হয়নি। স্বর্ণের চালানটি কীভাবে বিমানে আনা হয়েছিল এবং এর সঙ্গে কারা জড়িত, তা খতিয়ে দেখছে সংশ্লিষ্ট সংস্থাগুলো।

বিজ্ঞাপন

ঢাকা কাস্টমস হাউসের যুগ্ম কমিশনার কামরুল ইসলাম জানান, উদ্ধার হওয়া স্বর্ণের আনুমানিক বাজারমূল্য প্রায় ৪৫ কোটি টাকা। এ বিষয়ে প্রয়োজনীয় আইনগত প্রক্রিয়া অনুসরণ করা হচ্ছে।

এর আগে চলতি বছরের মার্চ মাসেও বিমান বাংলাদেশ এয়ারলাইনসের একটি ফ্লাইট থেকে প্রায় ১৮ কেজি স্বর্ণ উদ্ধার করা হয়েছিল। ধারাবাহিকভাবে এমন ঘটনায় আন্তর্জাতিক রুটে স্বর্ণ চোরাচালান প্রতিরোধে নজরদারি আরও জোরদার করা হয়েছে বলে সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে।

জেবি/এএস

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD