বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচার কঠোর হস্তে দমন করা হবে: স্বরাষ্ট্রমন্ত্রী

সামাজিক যোগাযোগমাধ্যমে বাংলাদেশকে নিয়ে বিভ্রান্তিকর তথ্য ও অপপ্রচারের বিরুদ্ধে কঠোর অবস্থানের কথা জানিয়েছেন স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ। তিনি বলেছেন, আন্তর্জাতিক পরিসরে দেশের ভাবমূর্তি ক্ষুণ্নের উদ্দেশ্যে যেকোনো ধরনের অপপ্রচার ও সাইবার অপরাধ কঠোরভাবে দমন করা হবে।
বিজ্ঞাপন
বৃহস্পতিবার সচিবালয়ে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে নিজ কার্যালয়ে বাংলাদেশে নিযুক্ত ফিলিস্তিনের রাষ্ট্রদূত ইউসেফ এস. ওয়াই. রামাদানের সঙ্গে সৌজন্য সাক্ষাৎকালে তিনি এ কথা বলেন।
স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ একটি প্রগতিশীল ও উদারপন্থী মুসলিম রাষ্ট্র। সামাজিক যোগাযোগমাধ্যমে দেশকে ভিন্নভাবে উপস্থাপনের অপচেষ্টা বরদাশত করা হবে না। এ ধরনের অপরাধে জড়িতদের দ্রুত শনাক্ত করে সুষ্ঠু তদন্তের মাধ্যমে আইনানুগ ব্যবস্থা গ্রহণ এবং দৃষ্টান্তমূলক শাস্তি নিশ্চিত করা হবে।
বিজ্ঞাপন
সাক্ষাতে দুই দেশের আইন-শৃঙ্খলা ও নিরাপত্তা সহযোগিতা, ফিলিস্তিনি শিক্ষার্থীদের জন্য ভিসা প্রক্রিয়া সহজ করা এবং পারস্পরিক স্বার্থসংশ্লিষ্ট বিভিন্ন বিষয়ে আলোচনা হয়।
বৈঠকে স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, বাংলাদেশ বরাবরই স্বাধীন ফিলিস্তিন রাষ্ট্র প্রতিষ্ঠার দাবির প্রতি সমর্থন জানিয়ে এসেছে এবং ভবিষ্যতেও সেই অবস্থান অব্যাহত থাকবে। তিনি উল্লেখ করেন, শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমান আন্তর্জাতিক অঙ্গনে ফিলিস্তিনের পক্ষে জনমত গঠনে গুরুত্বপূর্ণ ভূমিকা রেখেছিলেন।
আলোচনায় ফিলিস্তিনের রাষ্ট্রদূত জানান, বাংলাদেশের বিভিন্ন সরকারি ও বেসরকারি শিক্ষাপ্রতিষ্ঠানে অনেক ফিলিস্তিনি শিক্ষার্থী পড়াশোনা করছেন। তাদের বাংলাদেশে আগমন ও শিক্ষা কার্যক্রম নির্বিঘ্ন করতে অন-অ্যারাইভাল ভিসা প্রদানে সহযোগিতা কামনা করেন তিনি।
বিজ্ঞাপন
জবাবে স্বরাষ্ট্রমন্ত্রী সংশ্লিষ্ট কর্মকর্তাদের প্রয়োজনীয় সহযোগিতার নির্দেশ দেন। পাশাপাশি বিষয়টি আনুষ্ঠানিকভাবে জানাতে পররাষ্ট্র মন্ত্রণালয়ের মাধ্যমে স্বরাষ্ট্র মন্ত্রণালয়ে একটি চিঠি পাঠানোর অনুরোধ করেন।
রাষ্ট্রদূত আরও প্রস্তাব দেন, মধ্যপ্রাচ্যে অবস্থিত বাংলাদেশ দূতাবাসগুলোতে কোনো ফিলিস্তিনি নাগরিক বা শিক্ষার্থী ভিসার আবেদন করলে তার একটি অনুলিপি যেন ঢাকায় ফিলিস্তিন দূতাবাসেও পাঠানো হয়।
বিজ্ঞাপন
এ সময় স্বরাষ্ট্রমন্ত্রী বলেন, মুসলিম ভ্রাতৃপ্রতিম দেশ হিসেবে বাংলাদেশ ফিলিস্তিনের জনগণের পাশে রয়েছে এবং তাদের কল্যাণে প্রয়োজনীয় সব ধরনের সহযোগিতা দিতে প্রস্তুত।
বৈঠকে স্বরাষ্ট্র ও পররাষ্ট্র মন্ত্রণালয়ের সংশ্লিষ্ট কর্মকর্তাসহ ঢাকাস্থ ফিলিস্তিন দূতাবাসের প্রতিনিধিরা উপস্থিত ছিলেন।








