Logo

রাজধানীতে ৮ ত্রুটিপূর্ণ বাসের বিরুদ্ধে বিআরটিএর ব্যবস্থা

profile picture
নিজস্ব প্রতিবেদক
২ জুলাই, ২০২৬, ১৯:২৫
রাজধানীতে ৮ ত্রুটিপূর্ণ বাসের বিরুদ্ধে বিআরটিএর ব্যবস্থা
ছবি: সংগৃহীত

রাজধানীতে ফিটনেসবিহীন, ত্রুটিপূর্ণ, মেয়াদোত্তীর্ণ কাগজপত্রে চলাচলকারী এবং পরিবেশ দূষণকারী বাসের বিরুদ্ধে অভিযান চালিয়ে আটটি বাসের মালিককে কারণ দর্শানোর নোটিশ দিয়েছে বাংলাদেশ সড়ক পরিবহন কর্তৃপক্ষ (বিআরটিএ)। একই সঙ্গে এসব বাসের রেজিস্ট্রেশন স্থগিতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়ার প্রক্রিয়া শুরু হয়েছে। বুধবার (১ জুলাই) বিআরটিএর প্রকাশিত এক বিজ্ঞপ্তিতে এ তথ্য জানানো হয়।

বিজ্ঞাপন

বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, ঢাকা মেট্রো-১, ঢাকা মেট্রো-২, ঢাকা মেট্রো-৩ ও ঢাকা মেট্রো-৪ সার্কেলের আওতায় রাজধানীর যমুনা ফিউচার পার্ক, যাত্রাবাড়ী, কুড়িল ফ্লাইওভার, আবদুল্লাহপুর, মিরপুর-১০ ও মিরপুর-১৩ এলাকায় অভিযান পরিচালনা করা হয়। অভিযানে ঢাকা মেট্রো-ব-১৩-০৭৬৪, ঢাকা মেট্রো-ব-১৪-৫৫৩৬, ঢাকা মেট্রো-ব-১২-০৪৯৭, ঢাকা মেট্রো-ব-১৫-১৭৪৭, ঢাকা মেট্রো-ব-১৫-০৬৩০, ঢাকা মেট্রো-ব-১৫-৪২৩১, ঢাকা মেট্রো-ব-১৩-০৪০০ এবং ঢাকা মেট্রো-ব-১১-৭০০৪ নম্বরের বাসকে ঝুঁকিপূর্ণ, জরাজীর্ণ, ক্ষতিগ্রস্ত ও বিবর্ণ অবস্থায় চলাচল করতে দেখা যায়।

এছাড়া কয়েকটি বাস থেকে অতিরিক্ত কালো ধোঁয়া নির্গমন এবং কিছু বাসের ফিটনেস ও ট্যাক্স টোকেনের মেয়াদ অনেক আগেই শেষ হয়েছে বলেও উল্লেখ করা হয়েছে।

বিজ্ঞাপন

বিআরটিএ জানায়, সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৫(১) ও ২৬ ধারা অনুযায়ী ফিটনেসবিহীন, ঝুঁকিপূর্ণ, পরিবেশ দূষণকারী বা মেয়াদোত্তীর্ণ ফিটনেস ও ট্যাক্স টোকেনধারী কোনো মোটরযান সড়কে চলাচল করতে পারে না।

এ কারণে সড়ক পরিবহন আইন, ২০১৮-এর ২৪(১) ধারা অনুযায়ী কেন এসব বাসের রেজিস্ট্রেশন স্থগিতসহ প্রয়োজনীয় আইনগত ব্যবস্থা নেওয়া হবে না, সে বিষয়ে সংশ্লিষ্ট মালিকদের লিখিত ব্যাখ্যা দিতে নির্দেশ দেওয়া হয়েছে। একই সঙ্গে নির্ধারিত তারিখে বাস ও প্রয়োজনীয় কাগজপত্রসহ বিআরটিএর সংশ্লিষ্ট কার্যালয়ে উপস্থিত হতে বলা হয়েছে। অন্যথায় তাদের বিরুদ্ধে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে বলে নোটিশে উল্লেখ করা হয়েছে।

জেবি/জেএইচআর

জনবাণী এর সকল স্বত্ব সংরক্ষিত। কপিরাইট © ২০২৬

Developed by: AB Infotech LTD